“সে উইকেটকিপারদের ব্রায়ান লারা” – প্রাক্তন পাকিস্তানি কিপারের মুখে পান্তের জন্য প্রশংসা

পান্তকে যোগ্য সঙ্গ দেওয়ার জন্য জাডেজাকেও কৃতিত্ব দিয়েছেন তিনি

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: Twitter)

চলমান এজব্যাস্টন টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড বোলারদের সঙ্গে ঋষভ পান্তের লড়াই স্মরণীয় হয়ে থাকবে। টপ-অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর তিনি ভারতীয় ইনিংসকে উদ্ধার করেন এবং একটি পাল্টা-আক্রমণাত্মক ইনিংস খেলে ৮৯ বলে শতরানে পৌঁছন। তিনি যখন আউট হন ততক্ষণে মাত্র ১১১ বল খেলে ১৪৬ রানের দর্শনীয় ইনিংস খেলে ভারতকে বিপন্মুক্ত করে ফেলেছেন। ইনিংসটি সাজানো ছিল ২০টি বাউন্ডারি এবং ৪টি ছক্কা দিয়ে।

ভারত ৯৮ রানে ৫ উইকেটে হারানোর পর পান্ত ও জাডেজা একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন। উইকেটকিপার-ব্যাটার একপ্রান্ত থেকে আক্রমণ চালিয়ে গেলেও, তাঁর সঙ্গী রবীন্দ্র জাডেজা সময় নিয়ে ঝুঁকিহীন খেলা খেলছিলেন। ষষ্ঠ উইকেটে দুজনে মিলে ২২২ রানের বিশাল পার্টনারশিপ নির্মাণ করেন।

পান্তের বীরত্বপূর্ণ ইনিংস ক্রিকেট মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ ভারতীয় তরুণের প্রশংসা করে তাঁকে ‘উইকেটকিপারদের ব্রায়ান লারা’ বলেছেন।

পান্ত গণনামূলক ক্রিকেট খেলে, বলেছেন রশিদ লতিফ

“সে উইকেটকিপারদের ব্রায়ান লারা। এই ম্যাচটি বার্মিংহ্যামে হচ্ছে, যেখানে ব্রায়ান লারা ওয়ারউইকশায়ারের হয়ে ৫০১ রান করেছিল। আজ তারই ঝলক দেখাল পান্ত। পান্তের পায়ের নড়াচড়া সীমিত, তবে সে সত্যিই ভালো বল বাছাই করতে পারে,” লতিফ তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেছেন।

লতিফ আরও উল্লেখ করেছেন যে কীভাবে পান্ত তাঁর সুযোগ নিয়েছিলেন এবং ইংলিশ বোলারদের আক্রমণ করেছিলেন। একই সময়ে, লতিফ রবীন্দ্র জাডেজারও প্রশংসা করেছিলেন কারণ পুরো অংশীদারিত্ব জুড়ে পান্তকে যোগ্য সহায়তা যুগিয়ে গেছেন তিনি।

“সে বলটা তার কাছে আসতে দেয়। ফাস্ট বোলারদের বিরুদ্ধে মিড উইকেটের দিকে সে যে ২-৩টি শট খেলেছে তা অসামান্য ছিল। সে গণনামূলক ক্রিকেট খেলে। ইংল্যান্ড চারটি স্লিপ এবং একটি গালি রেখে চাপ দেওয়ার চেষ্টা করেছিল, যার অর্থ বাইরে পর্যাপ্ত ফিল্ডার ছিল না। তাই, সে তার সুযোগ নিয়েছিল,” বলেছেন লতিফ।

“আমি জাডেজাকেও কৃতিত্ব দেব। সাধারণত, এই ধরনের সময়ে, আপনি অন্য প্রান্তে আপনার সঙ্গীকে হারাতে পারেন। তবে সে তাকে দুর্দান্তভাবে সঙ্গ দিয়েছে,” তিনি যোগ করেছেন।

close whatsapp