“আইপিএল আমার মাথায় ছিল না” – বিতর্ক দূরে সরিয়ে পুরনো মেজাজে রবীন্দ্র জাডেজা

সুইং কন্ডিশনে সেঞ্চুরি করার পর নিজের উপর আস্থা রাখছেন

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo by Stu Forster/Getty Images)

ইংল্যান্ডে ঐতিহাসিক সিরিজ জয়ের লক্ষ্যে বার্মিংহ্যাম টেস্টে নামা ভারত ম্যাচের দ্বিতীয় দিনেও তাদের আধিপত্য বজায় রেখেছে। দিনের শেষে ইংল্যান্ড মাত্র ৮৪ রানে পাঁচ উইকেট হারিয়ে প্রতিপক্ষের প্রথম ইনিংসের সংগ্রহর চেয়ে ৩৩২ রানে পিছিয়ে। ভারতীয় বোলাররা ইংলিশ ব্যাটারদের ধাক্কা দেওয়ার আগে, অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন এবং বিদেশের মাঠে তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি নথিভুক্ত করেন। দিনের খেলা শেষ হওয়ার পর আইপিএলে তিনি যে সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিলেন সেই সম্পর্কে কথা বলেছেন।

উল্লেখ্য, জাডেজা আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এবং এমএস ধোনি নেতৃত্বের ভূমিকা ছেড়ে দেওয়ার পর ২০২২ সালের অভিযানের আগে জাডেজা অধিনায়ক নির্বাচিত হন। কিন্তু বাঁ-হাতি অলরাউন্ডার সেই দায়িত্বে বিশেষ সফল হতে পারেননি এবং সিএসকে পুরো মরসুম জুড়েই অধারাবাহিক ছিল। এমনকি তাঁর ব্যক্তিগত ফর্মও পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত, তিনি অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেন এবং ধোনি আবার চারবারের চ্যাম্পিয়নদের দায়িত্ব নেন। পরিস্থিতি আরও খারাপ হয় যখন তিনি চোট পেয়ে আইপিএল ২০২২-এর শেষের পর্যায় থেকে বাদ পড়েন। জাডেজা ও সিএসকে ম্যানেজমেন্টের মধ্যে বিবাদের গুজবও রটে।

তবে সেই পর্ব নিয়ে জাডেজা আর বিচলিত নন। গত কয়েক বছরে অলরাউন্ডার হিসেবে জাডেজার উন্নতি লক্ষণীয়, এবং তাঁর উন্নত ব্যাটিং ভারতীয় দলের জন্য একটি সম্পদ হয়ে উঠেছে। তাঁর তৃতীয় টেস্ট সেঞ্চুরি করার পর বাঁহাতি স্পিনার আইপিএলে তাঁর খারাপ সময়ের কথা বলেছেন।

“যা হয়েছে, হয়েছে। আইপিএল আমার মাথায় ছিল না। আপনি যখনই ভারতের হয়ে খেলছেন, তখন আপনার পুরো ফোকাস ভারতীয় দলের দিকে থাকা উচিত। আমার জন্যও তাই ছিল, ভারতের জন্য ভাল পারফরম্যান্সের চেয়ে ভালো তৃপ্তি আর নেই। ইংল্যান্ডে, বিশেষ করে সুইং কন্ডিশনে, ১০০ স্কোর করার জন্য একজন খেলোয়াড় হিসাবে আমি সত্যিই নিজের উপর কিছুটা আস্থা রাখতে পারি, তাই হ্যাঁ এটা সত্যিই ভালো লাগছে,” জাডেজা সাংবাদিকদের বলেছেন।

ব্যাট হাতে টেল এন্ডারদের অবদানের জন্য তাঁদের প্রশংসা করেছেন রবীন্দ্র জাডেজা

নিম্ন ক্রমের ব্যাটাররা তাঁকে সঙ্গ দেওয়ায় জাডেজা তাঁদের প্রচেষ্টার জন্য প্রশংসা করেছেন। ভারত তাদের প্রথম দিনের স্কোর ৩৩৮ রানের সঙ্গে দ্বিতীয় দিন সকালে আরও ৭৮ রান যোগ করে। দ্বিতীয় দিন ব্যাট হাতে মহম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ্‌ উল্লেখযোগ্য অবদান রাখেন। জাডেজা বলেছেন যে লোয়ার অর্ডার ব্যাটারদের রান দলের জন্য বোনাস।

“আমাদের ৯, ১০ এবং ১১ প্রচুর ব্যাটিং অনুশীলন করে। আমাদের টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করে যে তারা অনুশীলনে তাদের ব্যাটিং নিয়ে যেন কাজ করে। ৯, ১০ এবং ১১ রান করলে এটি একটি চমৎকার অনুভূতি কারণ এটি দলের জন্য একটি বোনাস। বুমরাহ্‌ যখনই নেটে ব্যাট করে সে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়। সে যখন ব্যাট করে তখন এমন নয় যে হালকাভাবে নেয় এবং সে তার উইকেটের মূল্য রাখে। সে বাকিদের সাথে শেষ যে ৪০-৫০ রান করেছিল তা বোনাস,” যোগ করেছেন অলরাউন্ডার।

close whatsapp