কেকেআরের বিরুদ্ধে করা ধোনির হাফ সেঞ্চুরি দেখে তরুণদের শিখতে বললেন ব্র্যাড হগ
ধোনির পাশাপাশি আয়ুষ বাদোনির ইনিংসেরও তারিফ করেছেন হগ
আপডেট করা - Mar 31, 2022 1:54 pm

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ মরসুমের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির ৫০ রানের প্রশংসা করেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগ । ৪০ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার তাঁর সেরা ছন্দে ছিলেন এবং তিনি মাত্র ৩৮ বলে ৫০* রান করেছিলেন যার মধ্যে সাতটি চার এবং একটি ছক্কা ছিল।
কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস জিতে প্রথমে সিএসকেকে ব্যাট করতে বলেন। কেকেআর বোলারদের ‘ইয়েলো আর্মি’-র ব্যাটারদের কোনো উত্তর ছিল না, এবং অচিরেই তাদের স্কোরবোর্ড দাঁড়ায় ১০.৫ ওভারে ৬১/৫। যদিও, নবনিযুক্ত অধিনায়ক রবীন্দ্র জাডেজা এবং ধোনি ৭০ রানের মূল্যবান জুটি গড়ে তাদের দলকে ১৩১ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। জাডেজা গতিতে রান তুলতে চাপ অনুভব করলেও, প্রাক্তন অধিনায়ক ধোনি প্রাথিমিক জড়তা কাটিয়ে দুর্দান্তভাবে ফিনিশারের ভূমিকা পালন করেন।
ধোনির ইনিংসটি চরম চাপের মধ্যে খেলা একটি অবিশ্বাস্য ইনিংস: ব্র্যাড হগ
টুইটারে আপলোড করা একটি ভিডিওতে অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগ ধোনির ইনিংসের প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, “তা হলে, এই #IPL2022-এর প্রথম রাতে এমএস ধোনির ইনিংস থেকে আমরা কী শিখতে পারি? তরুণদের শেখার জন্য উপযুক্ত একটি ইনিংস ছিল।”
Right, what can we learn from MS Dhoni's innings on the first night of this #IPL2022? Lessons to learn for all the youngsters watching out there. I've done a full video recapping the week so far, watch it here: https://t.co/B7aJOdQTqc pic.twitter.com/UNMs4ymvZe
— Brad Hogg (@Brad_Hogg) March 31, 2022
“সেদিন রাতে সিএসকে-র হয়ে ধোনির ইনিংসটি এসেছিল চরম চাপের মধ্যে এবং সেটি অবিশ্বাস্য ছিল। তিনি তাঁর সময় নিয়েছিলেন এবং তারপরে শেষের দিকে, তিনি আধিপত্য বিস্তার করেছিলেন এবং রান রেট উন্নত করেছিলেন,” ভিডিওটিতে হগ বলেছেন।
হগ লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) তরুণ ব্যাটার আয়ুষ বাদোনি সম্পর্কেও তাঁর মত রেখেছেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তিনি প্রথম ম্যাচেই ৫৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। প্রাক্তন স্পিনার ধোনি এবং বাদোনির ইনিংস দুটির মধ্যে তুলনা করেছেন, এবং বলেছেন যে উভয়ের ইনিংসই এমন সময়ে এসেছে যখন দল চাপের মধ্যে ছিল এবং সেই সময় ঘুরে দাঁড়ানো সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।
এদিকে, এলএসজি আইপিএল ২০২২-এর সাত নম্বর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে। ম্যাচটি ৩১শে মার্চ (বৃহস্পতিবার) মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।