বিদেশী লিগে ভারতীয় খেলোয়াড়দের জন্য দরজা খুলছে না, জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান
আইপিএলকে আরও উপভোগ্য করে তুলতে চান অরুণ ধুমাল
আপডেট করা - Nov 8, 2022 2:24 pm

ব্রিজেশ প্যাটেলের জায়গায় গত মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অরুণ ধুমাল। বিদেশী লিগে ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণের বিষয়ে ধুমাল তাঁর পূর্বসূরিদের মতো একই অবস্থান বজায় রেখেছেন। সম্প্রতি নিযুক্ত আইপিএল চেয়ারম্যান বলেছেন যে এই সিদ্ধান্তটি বিসিসিআই নিয়েছে খেলোয়াড়দের ‘সামগ্রিক মঙ্গল’-এর জন্য।
ভারতীয় ক্রিকেটারদের অন্য লিগে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভারতের শীর্ষ ক্রিকেট সংস্থাটি বিভিন্ন সময়ে নানা প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে। কিন্তু ব্যস্ত আন্তর্জাতিক সময়সূচীর মধ্যে খেলোয়াড়দের সার্বিক সুস্থতা বজায় রাখার কারণ দেখিয়ে বোর্ড তাদের সিদ্ধান্তে অটল থেকেছে।
এই সিদ্ধান্তে আমরা অটল আছি: অরুণ ধুমাল
“এটি নীতিগতভাবে বিসিসিআইয়ের সিদ্ধান্ত যে আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়রা অন্য লিগে গিয়ে খেলতে পারবে না। কারণ ইতিমধ্যেই অনেক ক্রিকেট খেলা হচ্ছে। তাদের সার্বিক ভালোর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত এই সিদ্ধান্তে আমরা অটল আছি,” ধুমাল একটি সাক্ষাৎকারে এনডিটিভিকে বলেছেন।
আইপিএলের আসন্ন সংস্করণের বিষয়ে বলতে গিয়ে ধুমাল জানিয়েছেন ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগকে বিশ্বের বৃহত্তম ক্রীড়া লিগগুলির একটিতে পরিণত করতে বদ্ধপরিকর তিনি। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের পাশাপাশি টিভি দর্শকদের জন্যও লিগকে আরও আকর্ষণীয় করার আশা করেন তিনি। বিশ্বজুড়ে আরও বেশী দর্শকদের আকর্ষণ করার জন্য টুর্নামেন্টের অনেক আগে সময়সূচী সংক্রান্ত পরিকল্পনা করাকে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ মনে করেন বর্তমান আইপিএল চেয়ারম্যান।
“আইপিএল যা আছে তার থেকে অনেক বড় হবে এবং বিশ্বের এক নম্বর স্পোর্টস লিগ হবে। আমরা অবশ্যই বিভিন্ন উদ্ভাবনের দিকে তাকিয়ে আছি যা এই লিগকে আরও দর্শক-বান্ধব করে তুলতে পারে। যাঁরা টিভিতে দেখছেন এবং যাঁরা স্টেডিয়ামে যাচ্ছেন তাঁদের জন্য, আমরা চাই আরও ভালো অভিজ্ঞতা হোক। আমরা যদি আইপিএলের সময়সূচী আগে থেকেই ঠিক করতে পারি, তা হলে সারা বিশ্বের মানুষ সেই অনুযায়ী তাদের ভ্রমণের পরিকল্পনা করতে পারে। দর্শকদের জন্য অভিজ্ঞতাটি মূল্যবান হওয়া উচিত,” তিনি যোগ করেছেন।