হার্দিকের নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে উপস্থিত থাকতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
আপডেট করা - Jun 23, 2022 10:04 pm

চেতন শর্মার যাওয়ার কথা আগেই সকলে জেনে গিয়েছিলেন। এবার হার্দিক পান্ডিয়াদের খেলা দেখার জন্য গ্যালারীতে উপস্থিত থাকতে চলেছেন আরও একজন। সবকিছু ঠিকঠাক চললে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি সিরিজ দেখার জন্য উপস্থিত থাকবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ২৬ জুন থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে টিম ইন্ডিয়া। দুই ম্যাচের সেই সিরিজেই উপস্থিত থাকতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে ভারতীয় দল। যদিও এই দলে রোহিত থেকে বিরাটরা নেই। টি টোয়েন্টির জন্য বিশেষ দলই পাঠানো হয়েছে আয়ারল্যান্ডে। সেই দলেরই নেতৃত্বের দায়িত্বে রয়েছেন এবার হার্দিক পান্ডিয়া। আইপিএলের মঞ্চে তাঁর নেতৃ্ত্বে অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন হয়ে সকলকে চমকে দিয়েছিল গুজরাত টাইটান্স। ভারতীয় নির্বাচকরাও এবার সেই হার্দিক পান্ডিয়ার ওপরই ভরসা রেখেছেন।
আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে হার্দিক পান্ডিয়া
আয়াল্যান্ডের বিরুদ্ধে তরুণদের নিয়েই গঠিত হয়েছে টি টোয়েন্টি দল। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এই দলের কোচের দায়িত্বে অবশ্য রাহুল দ্রাবিড় নেই। ভিভিএস লক্ষ্মণকেই দেখাযাবে হার্দিক পান্ডিয়াদের কোচ হিসাবে। টি টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের পরীক্ষা নীরিক্ষা যে এই সিরিজ থেকেই কার্যত শুরু হয়ে যেতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচক চেতন শর্মা।
একইসঙ্গে এবার প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও উপস্থিত থাকতে চলেছেন। ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। সেই দলেরই নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। দলের পারফরম্যান্সের ওপর গ্যলারীতে থেকেই চোখ রাখবেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। শোনাযাচ্ছে শনিবারই আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন তিনি। স্পোর্টস্টারের একটি প্রতিবেদন অনুযায়ী আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচেই উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আগামী ২৬ জুন প্রথম টি টোয়েন্টিতে নামছে ভারতী দল
রবিবার প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামবে ভারতীয় দল। সেই সিরিজ দেখার পরই সেখান থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ইংল্যান্ডের বিরুদ্ধে বহু কাঙ্খিত সেই টেস্ট ম্যাচে আগামী ১ জুলাই নামবে ভারতীয় দল। এজবাস্টনে সেই টেস্টের স্বাক্ষী হতে উপস্থিত থাকতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবারই ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছেন রাহুল ত্রিপাঠি। দলে রয়েছেন দীনেশ কার্তিকও। এচাড়া নেতৃত্বের দায়িত্বে রয়েছেন হার্দিক পান্ডিয়া। বৃহস্পতিবারই আয়ারল্যান্ডে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এখন শুধুই হার্দিক পান্ডিয়াদের মাঠে নামার অপেক্ষা।