রাজকোটে নামার আগে ঋষভ পন্থের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ আশিস নেহেরার
আপডেট করা - Jun 16, 2022 10:01 pm

আইপিএল থেকে দেশের জার্সি, ব্যাটে রানের খরা চলছে ঋষভ পন্থের। আইপিএলে বড় রান পেতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এবার দেশের জার্সির নেতৃত্ব সেই ঋষভ পন্থের কাঁধেই। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এখনও পর্যন্ত চুড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। তিনটি ম্যাচ খেলা হয়ে গেলেও ভারতীয় দলের মিডল অর্ডার এখনও পর্যন্ত সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেনি। বিশেষ করে ঋষভ পন্থের ব্যাটে একেবারেই রান। তা দেখার পরই এবার ২৪ বর্ষীয় তারকার উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিলেন আশিস নেহেরা।
ব্যাটিং পজিশন নয়, নিজের ব্যাটিংয়ের দিকেই প্রধান ফোকাস রাখা উচিত্ ঋষভ পন্থের। তবেই হয়ত ফের ছন্দে ফিরতে পারবেন বলে মনে করেন আইপিএল চ্যাম্পিয়ন কোচ আশিস নেহেরা। ভারতীয় দলের হয়ে চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নামেন ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সেই পজিশনেই নামছেন তিনি। মিডল অর্ডার ব্যাটিংয়ের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন এটাই। কিন্তু সেখানেই রান পাচ্ছেন না তারকা ক্রিকেটার ঋষভ পন্থ।
আর তা দেখেই খানিকটা হতবাক হয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার আসিস নেহেরা। তাঁর মতে নিজের ব্যাটিং পজিশন নিয়ে অনেক বেশী চাপ নিয়ে ফেলছেন ঋষভ পন্থ। ব্যাটিংয়েই তাঁর সম্পূর্ণ ফোকাসটা রাখা উচিত্। ব্যাটিং পজিশনের চিন্তা দূরে রেখে হাল্কা মেজাজেই ব্যাটিংয়ে আসা উচিত্ বলে মনে করছেন নেহেরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও পর্যন্ত একটি ম্যাচেই দুই অঙ্কের রানের গন্ডী টপকাতে পেরেছেন ঋষভ পন্থ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরপর তিন ম্যাচেই রান পেতে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে আশিস নেহেরা জানিয়েছেন, “আন্তর্জাতিক ক্রিকেটে তিনি চার নম্বর পজিশনে খেলছেন। অবশ্যই সেখানে প্রতিযোগিতার একটা টাপ তো থাকবেই। সূর্যকুমার যাদব যেমন রয়েছেন, তেমন ভবিষ্যতে বিরাট কোহলিও ফিরবেন। এই সবকিছুই হবে। তবে এই সিরিজে আমি চাইব ঋষভ পন্থ নিজের ব্যাটিং পজিশনের থেকে ব্যাটিংয়ের দিকেই বিশেষ নজর যেন দেন”।
এবারের আইপিএলেও ঋষভ পন্থ সেভাবে রান করতে পারেননি। তিনি যে নিজের পারফরম্যান্স নিয়ে খুশি ছিলেন না সেই কথা রিকি পন্টিংয়ের মুখেও শোনা গিয়েছিল। এই প্রসঙ্গেও আশিস নেহেরা জানিয়েছেন, “এই বছরের আইপিএলের দিকে যদি তাকানো যায়, তবে দেখা যাবে ঋষভ পন্থ যে নিজের পারফরম্যান্সে খুশি ছিলেন না সেই কথা রিকি পন্টিংয়ের মুখেই শোনা গিয়েছিল। তিনি ২৪ বর্ষীয় হলেও টানা পাঁচ বছর আইপিএল কিন্তু খেলে ফেলেছেন। সেক্ষেত্রে এই ফর্ম্যাটে তিনি কিন্তু এখন যথেষ্ট অভিজ্ঞ একজন ক্রিকেটার”।
লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে ঋষভ পন্থের কাঁধে। এখনও রানের ঝলক দেখা যায়নি ঋষভ পন্থের ব্যাটিং থেকে। তিন ম্যাচে ঋষভ পন্থ রান করেছেন ২৯, ৫ এবং ৬। শুক্রবার রাজকোটে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই ঋষভ পন্থের রানের খরা কাটে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।