বাকীরা খেলোয়াড় খুঁজে পায়, এমএস ধোনি খেলোয়াড় তৈরি করে: আকাশ চোপড়া
আকাশ চোপড়া আলোচনা করেছেন শিবম দুবে, আজিঙ্ক্যা রাহানের উন্নতির বিষয়ে
আপডেট করা - Apr 18, 2023 4:57 pm

নেতা হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন প্রথম কোনো আইসিসি ইভেন্টে অধিনায়কত্ব করেই। অতীতে কিংবদন্তী ক্রিকেটার এমএস ধোনি প্রায়শই দলকে অনিশ্চিত পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন, তা চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর অধিনায়ক হিসেবে হোক বা ভারতীয় দলের। এমনকি খেলোয়াড়রাও তাঁর নেতৃত্বাধীনে খেলে উন্নতি করেছেন।
এই বিষয়ে আলোকপাত করে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া সিএসকে অধিনায়কের প্রশংসা করেছেন। ধোনির নেতৃত্বে খেলে কীভাবে খেলোয়াড়রা তাঁদের সেরা ছন্দ খুঁজে পান সেই বিষয়ে তিনি কথা বলেছেন। আকাশের মতে অন্য সব দল খেলোয়াড় খুঁজে বের করলেও ধোনি এমন একজন যিনি খেলোয়াড় তৈরি করেন। আজিঙ্ক্যা রাহানে এবং শিবম দুবের উদাহরণ তুলে ধরে ধারাভাষ্যকার যোগ করেছেন কীভাবে ধোনির নেতৃত্বাধীনে খেলোয়াড়রা পারফর্ম করেন।
আজিঙ্ক্যা রাহানে সিএসকেতে এসে ধোনির নেতৃত্বে অসামান্য ব্যাটিং করছেন
“আজিঙ্ক্যা রাহানে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খুব ভালো ব্যাটিং করেছে। শিবম দুবেও দারুণ ব্যাটিং করেছে। সে এর আগে আরসিবি এবং তারপরে রাজস্থান রয়্যালসেরও অংশ ছিল। কিন্তু ধোনির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। অন্য সমস্ত দল খেলোয়াড় খুঁজে পায়, এমএস ধোনি খুঁজে পায় না, বরং খেলোয়াড় তৈরি করে,” আকাশ তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন।
“তাঁর অধীনে খেলোয়াড়দের পারফর্ম করতে দেখে ভালো লাগে। সে যে দু-তিনটি ম্যাচ খেলেছে তাতে আমরা অন্যরকম আজিঙ্ক্যা রাহানেকে দেখতে পাচ্ছি। সে পুল শটে যে ছক্কা মেরেছিল সেটি দারুণ ছিল,” তিনি যোগ করেছেন।
আইপিএল ২০২৩-এ সিএসকের সাম্প্রতিক ম্যাচে দুবে ও রাহানে দুর্দান্ত ছন্দে ছিলেন। বাঁ-হাতি ব্যাটার ২৭ বলে ৫২ রান করেছিলেন এবং রাহানে ২০ বলে ৩৭ রান করেছিলেন। ওপেনার ডেভন কনওয়ের ৪৫ বলে দুর্দান্ত ৮৩ রানের সৌজন্যে সিএসকে স্কোর বোর্ডে ২২৬ রান তুলেছিল।
ফাফ ডু প্লেসি (৩৩ বলে ৬২) ও গ্লেন ম্যাক্সওয়েল (৩৬ বলে ৭৫) ক্রিজে থাকার সময়ে মনে হচ্ছিল আরসিবি জিতে যাবে। তবে গুরুত্বপূর্ণ সময়ে দুই ব্যাটারই এমএস ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট হব এবং সিএসকে আট রানে জিতে স্টেডিয়াম ছাড়ে।