ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে খেলার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ডেভিড মিলার, প্রতিপক্ষকে সমীহও করছেন তিনি
আপডেট করা - Jun 7, 2022 9:18 pm

আইপিএলে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করার অন্যতম নেপথ্য কারিগড় তিনি। ভারতের মাটিতে আইপিএলের বাইশগজে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন ডেভিড মিলার। এবার ভারতের ঘরের মাঠে ভারতের বিরুদ্ধেই নামার অপেক্ষায় তিনি। ভারতের ঘরের মাঠে খেলার চ্যালেঞ্জটা সবসময়ই কঠিন। কিন্তু ডেভিড মিলার প্রস্তুত সেই চ্যালেঞ্জ নিতে। তাঁর মতে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলার অনুভূতিটাই নাকি অন্যরকম। সেইসঙ্গে অবশ্য একটু সাবধানীও তিনি। প্রতিপক্ষ শিবিরে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার না থাকলেও, ভারতকে হাল্কাভাবে নচ্ছেন না মিলার।
এবারের আইপিএলে গুজরাত টাইটান্স শিবিরে ছিলেন ডেভিড মিলার। ব্যাট হাতে দুর্ধর্ষ পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন তিনি। গুজরাতকে ফাইনালের পৌঁছনোর মঞ্চে যেমন নায়ক হয়ে উঠেছিলেন তিনি, তেমনই ফাইনালেও শেষ মুহূর্তে দলকে এগিয়ে দিয়েছিলেন ডেভিড মিলার। তাঁকে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার গলাতেও। এবার সেই মিলারই ভারতের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত।
যদিও খানিকটা সাবধানীও তিনি। আইপিএলের মঞ্চে ভারতীয়দের সঙ্গে এবং তাদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে ডেভিড মিলারের। আইপিএলের মঞ্চ যে ভারতীয় ক্রিকেটারদের আরও বেশী প্রস্তুত করে তুলছে সে ব্যপারে কোনও সন্দেহ নেই তাঁর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেশকিছু তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও মিলার কিন্তু এই ভারতীয় দলকেও হাল্কাভাবে নিতে নারাজ।
তাঁর মতে ভারতের এই দলেও রয়েছে বেশকিছু ম্যাচ উইনার। যারা যেকোনও সময়ে ম্যাচের রব বদলে দিতে পারে। যদিও এবারের আইপিএলে ডেভিড মিলারও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন। গুজরাত টাইটান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান রয়েছে তাঁরই। ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত তিনিও।
সদ্য সমাপ্ত আইপিএলে ১৬ ম্যাচে ৪৮১ রান রয়েছে ডেভিড মিলারের
ভারতের বিরুদ্ধে নামার আগে মিলার জানিয়েছেন, “টিম ইন্ডিয়া সবসময়ই আলাদা। বিশেষকরে বিগত কয়েক বছরে আইপিএলের জন্য তাদের গভীরতা আরও বেড়েছে। অভিজ্ঞ ক্রিকেটাররা যথেষ্ট চাপ নিয়ে এখানে খেলেন। আইপিএল যে তাদের আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতিতে আরও সাহায্য করছে তা বলার অপেক্ষা রাখে না। এই সিরিজে অবশ্যই ভারত তাদের সবচেয়ে শক্তিশালী দল নামাচ্ছে না ঠিকই, কিন্তু এই দলেও রয়েছে বেশ কিছু ম্যাচ উইনার। এই সিরিজ যে আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে, সেই সম্বন্ধে আমরা অবগত হয়ে রয়েছি। ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে খেলাটা সবসময়ই আমি উপভোগ করি”।
শেষবার ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে ২০১৯ সালে টি টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে অবশ্য ডেভিড মিলারের পারফরম্যান্স কোনওরকম ছাপ ফেলতে পারেনি। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য হয়নি। দ্বিতীয় ম্যাচে মাত্র ১৮ রান করতে পেরেছিলেন মিলার। তৃতীয় ম্যাচ হয়নি। এরপর আইপিএলেও তেমনভাবে সফল ছিলেন ডেভিড মিলার।
এই বছরই যেন বদলে গিয়েছে সবকিছু। গুজরাত টাইটান্সের হয়ে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস দেখা গিয়েছে ডেভিড মিলারের ব্যাট থেকে। ৩২ বর্ষীয় এই ক্রিকেটার ১৬ ম্যাচে করেছেন ৪৮১ রান। তাঁর গড় রয়েছে ৬৮.৭১। এবার স্পিনারদের বিরুদ্ধেও যথেষ্ট ভাল পারফর্ম্যান্স প্রদর্শন করেছেন মিলার। এবার ভারতের বিরুদ্ধেও সেই ধারা ধরে রাখার লক্ষ্য ডেভিড মিলারের চোখে।