আইপিএলের পারফর্ম্যান্সকে ভিত্তি করে টি-২০ বিশ্বকাপে ভারতের স্কোয়াড বাছাই করলেন আকাশ চোপড়া
অত্যাশ্চর্যভাবে বিরাট ও রোহিতকে দলে রাখেননি তিনি
আপডেট করা - Jun 1, 2022 4:48 pm

ভারতের প্রাক্তন ব্যাটার আকাশ চোপড়া সদ্যসমাপ্ত আইপিএল ২০২২-এ খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভিত্তি করে টি-২০ বিশ্বকাপের জন্য তাঁর পছন্দের ভারতীয় স্কোয়াড বাছাই করেছেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো কিছু বড় নাম বাদ দিয়ে অপ্রত্যাশিত কিছু খেলোয়াড়কে যোগ করেছেন তিনি।
মেগা ইভেন্ট শুরু হবে চলতি বছরের শেষে অক্টোবরে। তবে এখন প্রাক্তন ব্যাটার যে স্কোয়াড বেছে নিয়েছেন তাতে কোহলি, রোহিতের পাশাপাশি ঋষভ পান্তকেও বাদ দিয়েছেন তিনি। উল্লেখ্য, কোহলি ১৬ ম্যাচে মাত্র ৩৪১ রান করতে পেরেছিলেন যেখানে রোহিত ২০২২ আইপিএলে ১৪ ম্যাচে মাত্র ২৬৮ রান করেন। চোপড়া ওপেনিং জুটি হিসেবে কেএল রাহুল ও ঈশান কিষাণকে বাছাই করেছেন এবং রাহুল ত্রিপাঠীকে ৩ নম্বরে সুযোগ দিয়েছেন।
“প্রথম যে নামটি আমি রাখছি তা হল কেএল রাহুল। তিনি ১৫-১৭ ওভার পর্যন্ত খেলতে পারেন, তিনি টি-টোয়েন্টির একজন বড় ব্যাটার এবং এই বছর ৬০০-র বেশী রান করেছেন। ঈশান কিষাণকে সঙ্গে রেখেছি। আপনি যদি তাঁর পরিসংখ্যান দেখেন তবে আপনি বলবেন যে এটি ঈশান কিষাণের জন্য খারাপ মরসুম ছিল না। ৩ নম্বরে রাহুল ত্রিপাঠীকে রেখেছি। তিনি খুব ভালো খেলেছেন, স্ট্রাইক রেট অনেক বেশী এবং ম্যাচ জেতানো পারফরম্যান্স করেছেন। ৪ নং এ, আমি স্কাই-কে (সূর্যকুমার যাদব) রেখেছি। তিনি সব ম্যাচ খেলেননি তবে তিনি যে ম্যাচগুলি খেলেছেন সেগুলিতে তিনি একটি ভিন্ন স্তরে খেলেছেন,” চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন।
অধিনায়ক হিসেবে নির্বাচন করেছেন হার্দিক পান্ডিয়াকে
তিনি হার্দিক পান্ড্যকে দলের অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত করেন কারণ তিনি গুজরাত টাইটান্সকে তাদের প্রথম আবির্ভাবেই ট্রফি জিতিয়েছেন। “এর পর, আমার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। আমি হার্দিক পান্ডিয়াকে দলের অধিনায়ক করেছি। তিনি মাঝের ওভারে খেলতে পারেন এবং ফিনিশারও হতে পারেন। এর পরে, আমি দীনেশ কার্তিককে জায়গা দিয়েছি এবং তিনি আমার উইকেটকিপারও। তিনি ১৮০-১৯০ স্ট্রাইক রেটে রান করেছেন এবং বেশ কিছু ম্যাচ শেষ করে এসেছেন,” বলেছেন ধারাভাষ্যকার।
রবীন্দ্র জাডেজা এবং অক্ষর প্যাটেলের আগে আকাশ চোপড়া ক্রূণাল পান্ডিয়াকে বাঁ-হাতি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে বাছাই করেছেন। বোলিং বিভাগে তিনি আভেশ খান, অর্শদীপ সিং, মহম্মদ শামি এবং যুজবেন্দ্র চাহালকে বেছে নিয়েছেন। “৭ নম্বরে, আমি ক্রূণাল পান্ডিয়াকে রেখেছি কারণ তিনি খুব ভালো মরসুম কাটিয়েছেন। বোলার হিসেবে তিনি খুবই মিতব্যয়ী এবং ব্যাটার হিসেবে গুরুত্বপূর্ণ রান করেছেন। তিনি আপ এবং ডাউন অর্ডার ব্যাট করতে পারেন। মিডল অর্ডারে একজন বাঁ-হাতি ব্যাটসম্যান দরকার। তারপর, ইউজি চাহালকে থাকতে হবে। তারপরে আমার কাছে তিনজন ফাস্ট বোলার আছে – মহম্মদ শামি, আভেশ খান এবং আরশদীপ সিং – এবং চতুর্থ ফাস্ট বোলার হলেন হার্দিক পান্ডিয়া । আমি এটাকে একাদশ হিসেবে দেখছি,” তিনি যোগ করেছেন।
তিনি রিজার্ভ হিসাবে সঞ্জু স্যামসন, দীপক হুডা, কুলদীপ যাদব, হর্ষল প্যাটেল এবং জসপ্রিত বুমরাহদের স্থান দিয়েছেন।
আইপিএল ২০২২-এর পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে আকাশ চোপড়ার বাছাই করা ভারতের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড
কেএল রাহুল, ঈশান কিষাণ, রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীনেশ কার্তিক, ক্রূণাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, আভেশ খান, অর্শদীপ সিং, সঞ্জু স্যামসন, দীপক হুডা, কুলদীপ যাদব, হর্ষল প্যাটেল, জাসপ্রিত বুমরাহ।