আইপিএল ২০২৩, ম্যাচ ৪৭: এসআরএইচ বনাম কেকেআর, সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ
সামার্থ ভ্যাসকে একাদশে রাখতে পারে এসআরএইচ
আপডেট করা - May 3, 2023 11:01 pm

সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) এখনও অবধি আটটি ম্যাচ খেলে তিনটিতে জিতে পয়েন্ট তালিকায় নবম স্থানে আছে। আগের ম্যাচে দিল্লিতে বিপক্ষের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসসের বিরুদ্ধে ১৯৭ রান করার পরে প্রতিপক্ষকে ১৮৮ রানে সীমাবদ্ধ রেখেছিল এবং ৯ রানে জিতে দুই পয়েন্ট অর্জন করেছিল। আসন্ন ম্যাচে এসআরএইচ হায়দ্রাবাদে তাদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে।
৪ঠা এপ্রিল, বৃহস্পতিবার, আয়োজিত ম্যাচে এসআরএইচের একাদশে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। অফ ফর্মে থাকা খেলোয়াড়দের বাদ দিয়ে নতুন কম্বিনেশনে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নামতে দেখা যেতে পারে অরেঞ্জ ব্রিগেডকে।
বাদ দেওয়া হতে পারে হ্যারি ব্রুককে
আইপিএল ২০২৩-এর আগে মিনি-নিলামে যে দুই খেলোয়াড়ের জন্য সবচেয়ে বেশী খরচ করেছিল এসআরএইচ, সেই মায়াঙ্ক আগরওয়াল ও হ্যারি ব্রুক একেবারেই ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেননি। মায়াঙ্ককে বাদ দিয়ে ওপেনার হিসেবে সামার্থ ভ্যাসকে খেলানো হতে পারে। অন্য ওপেনার হিসেবে বাঁ-হাতি ব্যাটার অভিষেক শর্মা খেলবেন। আগের ম্যাচে তাঁর ব্যাট থেকে ৩৬ বলে ৬৭ রানের ইনিংস এসেছিল।
এ ছাড়া তিন ও চার নম্বরে আগের ম্যাচের মতোই রাহুল ত্রিপাঠী ও এইডেন মার্করাম খেলবেন। ত্রিপাঠী ধারাবাহিকভাবে রান করতে সমস্যায় পড়ছেন এবং কেকেআরের তুলনামূলক দুর্বল বোলিং লাইন-আপের বিরুদ্ধে ফর্মে ফিরে আসতে পারেন। অধিনায়ক মার্করামও তাঁর ফর্ম নিয়ে উদ্বিগ্ন হবেন।
ব্রুককে বাদ দিয়ে বিদেশী ব্যাটার হিসেবে গ্লেন ফিলিপ্সকে একাদশে ফেরানো হতে পারে। উইকেটকিপার হিসেবে জায়গা ধরে রাখবেন হাইনরিখ ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার আগের ম্যাচে ২৭ বলে ৫৩* রানের ইনিংস খেলেছিলেন। লোয়ার মিডল অর্ডারে আব্দুল সামাদ ভরসা যোগানোয় তাঁকেই সাত নম্বরে রাখা হতে পারে।
গত ম্যাচে আকিল হোসেইনকে খেলানো হলেও, হায়দ্রাবাদের পিচের কথা মাথায় রেখে মার্কো য়্যানসেনকে এই ম্যাচে একাদশে ফেরানো হতে পারে। কেকেআরের বিরুদ্ধে আগের ম্যাচে য়্যানসেন ৩৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলবেন মায়াঙ্ক মার্কান্ডে। বিশেষজ্ঞ পেসার হিসেবে থাকবেন উমরান মালিক, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন। এই তিনজনের মধ্যে নটরাজন সম্ভবত ব্যাটিংয়ের সময়ে একাদশের অংশ হবেন না।
প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: সামার্থ ভ্যাস, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, মার্কো য়্যানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার।
প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: সামার্থ ভ্যাস, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), গ্লেন ফিলিপ্স, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), মার্কো য়্যানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন।