মুম্বইয়ের হয়ে ট্রফি জয়ের থেকেও গুজরাতকে চ্যাম্পিয়ন করার মুহূর্তটাই হার্দিক পান্ডিয়ার কাছে সেরা
আপডেট করা - May 30, 2022 4:15 pm

আইপিএলের মঞ্চে ইতিহাস লিখেছেন হার্দিক পান্ডিয়া। ক্যাশরিচ লিগে অধিনায়ক হিসাবে অভিষেক হওয়ার মঞ্চেই গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছেন হার্দিক পান্ডিয়া। গুজরাত টাইটান্স শিবিরেরও এটাই অভিষেক মরসুম। ঘরের মাঠে দাঁড়িয়ে ঘরের দলকে নেতৃ্ত্ব দিয়ে চ্যাম্পিয়ন করার আবেগটাই বোধহয় অন্যরকম। সেই কথাই এবার হার্দিক পান্ডিয়ার মুখে শোনা গেল। চ্যাম্পিয়ন হওয়ার ডায়াসে এর আগে বহুবার উঠেছেন তিনি। কিন্তু এবারেরটা সবচেয়ে বিশেষ।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এর আগেও বহুবার এই আইপিএলের ট্রফিটা হাতে নিয়েছেন। কিন্তু সেই সমস্ত স্মৃতির থেকে গুজাত টাইটান্সের হয়ে চ্যাম্পিয়ন হওয়াটাই হার্দিকের কাছে সেরা স্মৃতি। গুজরাত টাইটান্স তাঁর ঘরের দল। তাঁকে শুধু ১৫ কোটি টাকা দিয়ে দলেই নেওয়া নয়, আইপিএলের মঞ্চে হার্দিককে অধিনায়ক হিসাবেও বেছে নিয়েছিল তারা। অভিষেক মরসুমে হার্দিক সেই দলের হয়ে আইপিএল ট্রফি তুলতে পেরে আপ্লুত।
২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের মঞ্চে খেলেছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু সেই হার্দিকের ওপরই এবার ভরসা রাখতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। মেগা নিলামের আগেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময়ই হার্দিককে দলে তুলে নিয়েছিল গুজরাত টাইটান্স। প্রথম মরসুমেই সেই দলকে চ্যাম্পিয়ন করতে পেরেছেন হার্দিক পান্ডিয়া। একইসঙ্গে সমালোচকদেরও একটা জোরালো জবাব দিয়েছেন তিনি। সবকিছু মিলিয়ে মুম্বইয়ের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার থেকেও এ মুহূর্তটাই হার্দিকের কাছে সবচেয়ে প্রিয়।
এই মরসুমেঅ ১৫ কোটি টাকায় হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছিল গুজরাত টাইটান্স
গুজরাত টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করার পর হার্দিক পান্ডিয়া জানান, “অবশ্যই আমি নিজেকে ভাগ্যবান বলে মন করছি। আমি পাঁচবার ফাইনাল খেলেছি, পাঁচবারই জিতেছি। কিন্তু এবারেরটা সবচেয়ে আলাদা। কারণ এবারের মরসুম শুরু হওয়ার আগে আমরা নতুন লেগাসি তৈরি করার কথা বলেছিলাম”।
হার্দিক আরও জানিয়েছিলেন, “আগামী প্রজন্মের জন্য এটাই একটা বার্তা। ভবিষ্যতে যারা জানবে আমরা এমন একটা দল যারা আইপিএলের অভিষেক মঞ্চেই চ্যাম্পিয়ন হয়ে যাত্রা শুরু করেছিল। প্রথম বছরেই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা বিশেষ। অন্যান্য সমস্ত আইপিএল ট্রফি জেতার থেকেও এই মুহূর্তটা আমার কাছে সবচেয়ে স্মরণীয়”।
আইপিএলের মঞ্চে এবার প্রথম থেকেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন হার্দিক পান্ডিয়া। শুধু তিনিই নন, গোটা আইপিএল জুড়েই গুজরাত টাইটান্স একটা টিম গেম প্রদর্শন করেছে। ব্যাটিং, বোলিংয়ের দুর্ধর্ষ ভারসাম্য কাজে লাগিয়ে কঠিন চ্যালেঞ্জও সহজেই জিতে নিয়েছে তারা। কখনও দলের নায়ক হয়েছে উঠেছেন হার্দিক তো কখনও সেই নামকের নাম বদলে হয়েছে রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি এবং ডেভিড মিলার। ওপেনিংয়েও নজর কাড়া পারফরম্যান্স দেখিয়েছে ঋদ্ধিমান সাহা এবং শুভমন গিল।
গুজরাতকে নিয়ে প্রথম দিকে যারা আশা রাখতে পারেনি, তারাই বোধহয় এখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। লিগপর্বে মাত্র ৪ ম্যাচ হেরেছিল গুজরাত টাইটান্স। প্লেঅফে হারের কোনও প্রশ্নই নেই। এই ধারাই এখন বয়ে নিয়ে এগোতে চান হার্দিক পান্ডিয়া।