রাজস্থান ম্যাচে ফর্মে ফিরে কোহলি বন্দনায় ঈশান

Virat Kohli and Ishan Kishan
Virat Kohli and Ishan Kishan. (Photo Source: IPL/BCCI)

রাজস্থানকে দুরমুশ করে আইপিএল ২০২১ -এর প্লে অফে ওঠার লড়াইয়ে জাঁকিয়ে বসেছে মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র ৯০ রানে রাজস্থান রয়্যালসকে আটকে দিয়েছিল মুম্বইয়ের বোলাররা। আর ৭০ বল বাকি থাকতেই সেই ম্যাচ জিতে নেয় রোহিত শর্মারা। আর মুম্বইয়ের হয়ে অর্ধ শতরান করেন ঈশান কিশন। আর ঈশান কিশনের ফর্মে ফেরায় স্বস্তি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ টি – ২০ বিশ্বকাপ দলে রয়েছেন এই উইকেট কিপার ব্যাটার।

ঈশান গত মরশুমে ৫১৬ রান করেছিলেন। আর সেই কারণে ভারতীয় দলেও অভিষেক হয়েছিল এই বাঁ-হাতি ব্যাটারের। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা পেয়েছেন তিনি। কিন্তু এ মরশুমে মঙ্গলবারের ম্যাচের আগে ৮ ইনিংসে মাত্র ১০৭ রান করেছিলেন। আর রাজস্থান ম্যাচে ফর্মে ফেরেন ঈশান।

ম্যাচ শেষে ঈশান বলেন, “বিরাট ভাই, হার্দিক ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছিলাম। প্রত্যেকে আমার পাশে দাঁড়িয়েছিল। কায়রন পোলার্ডের সঙ্গেও কথা বলেছি। ও আমাকে বলেছিল সহজ ভাবে খেলতে, ঠিক যে ভাবে আমি ব্যাট করি সে ভাবে ব্যাট করতে। একই সঙ্গে গত মরসুমে আমার ইনিংসগুলোর ভিডিয়ো দেখতে বলেছিল। আমার ব্যাটিংয়ের পুরনো কিছু ভিডিয়ো দেখার পরেই আত্মবিশ্বাস চলে এসেছে।”

ঈশানের সংযোজন, “ওপেনিং করতে পেরে এবং দলের জন্য বড় জয় উপহার দিতে পেরে ভাল লাগছে। দলের জয়ে ফেরা খুবই দরকার ছিল। আমার মতে যে কোনও ক্রীড়াবিদের জীবনেই উত্থান-পতন থাকে। আমারও ছন্দ ভাল ছিল না। দলের বেশিরভাগ ব্যাটসম্যানও গত মরসুমের মতো রান পাচ্ছিল না। কিন্তু বাকিদের সহায়তা সব কিছুই টপকাতে পেরেছি আমরা।”

আর বৃহস্পতিবার কলকাতা – রাজস্থান ম্যাচের ওপর খানিকটা ভাগ্য নির্ধারণ করছে মুম্বই ইন্ডিয়ান্স। কারণ, কলকাতা যদি ম্যাচ জিতে যায় তাহলে মুম্বইয়ের পক্ষে প্লে অফে যাওয়া কাঁটা হয়ে দাঁড়াবে।

close whatsapp