হায়দরাবাদ ম্যাচ নিয়ে বাড়তি চাপ নিচ্ছেন না ডেভিড ওয়ার্নার
আপডেট করা - May 4, 2022 7:30 pm

২০১৬ সালে তাঁর নেতৃত্বেই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু গত মরসুমে সেই ডেভিড ওয়ার্নারের সঙ্গেই তাদের সম্পর্কের তিক্ততা সকলের সামনে এসেছিল। এবারের আইপিএলে দল পরিবর্তন হয়েছে ডেভিড ওয়ার্নারের। আইপিএলের মঞ্চে শুরুটা যে জায়গা থেকে করেছিলেন, সেই দিল্লি ক্যাপিটালসের হয়েই এবার মাঠে নামছেন ডেভিড ওয়ার্নার। সকলেই অপেক্ষায় ছিল এই ম্যাচটার। বৃহস্পতিবারই আইপিএলের মঞ্চে সেই প্রতিক্ষীত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামছেন ডেভিড ওয়ার্নার।
আইপিএলে হায়দরাবাদের হয়ে গত মরসুমটা একেবারেই ভাল যায়নি ডেভিড ওয়ার্নারের। আইপিএলের শুরু থেকে ব্যাটে রান ছিল না এই তারকা ক্রিকেটারের। করোনার জন্য মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল আইপিএলের ম্যাচ। এরপরই সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের বাকি পর্বটা করার সিদ্ধান্ত নেয় বোর্ড। আর সেখানেই সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ডেভিড ওয়ার্নারের চূড়ান্ত সংঘাতটা সকলের সামনে আসে।
প্রতিযোগিতার মাঝেই ডেভিড ওয়ার্নারকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স ম্যানেজমেন্ট। শুধু তাই নয় তাঁকে দল থেকেও বসিয়ে দেওয়া হয়। সেই সময়ই ম্যানেজমেন্টের সঙ্গে ওয়ার্নারের সম্পর্কের তিক্ততাটা সকলের সামনে চলে আসে। ডেভিড ওয়ার্নারও আইপিএল শেষ হওয়ার পর নিজের হতাশা চেপে রাখতে পারেননি। শেষপর্যন্ত এবারের আইপিএল শুরু হওয়ার বহু আগেই ডেভিড ওয়ার্নারকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
গত মরসুমে আইপিএলের মাঝপথেই ডেভিড ওয়ার্নারকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল হায়দরাবাদ
আগামী বৃহস্পতিবার সেই সানরাইজার্য় হায়দরাবাদের বিরুদ্ধে নামবেন ডেভিড ওয়ার্নার। যদিও অজি তারকা কিন্তু এই ম্যাচ নিয়ে বেশষ ভাবতে নারাজ। প্রতিপক্ষকে খুব একটা গুরুত্বও দিচ্ছেন না তিনি। তাঁর প্রাক্তন দল হলেও, হায়দরাবাদ ম্যাচ নিয়ে বাড়তি চাপ একেবারেই নিতে নারাজ ডেভিড ওয়ার্নার। আর বাকি ম্যাচগুলোর মতোই নিজেকে প্রস্তুত করছেন তিনি। ওয়ার্নার মুখে যতই বলুক, হায়দরাবাদের বিরুদ্ধে তিনি যে উত্তর দিতে প্রস্তুত রয়েছেন, সে ব্যাপারে কিন্তু খুব একটা সন্দেহ নেই।
ম্যাচের আগে ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, “আমার ভাবনা আর বাকি ম্যাচগুলোর মতোই রয়েছে। নিজের পদ্ধতি অনুসরণ করে শুধুমাত্র প্রস্তুতি সেরে যাও। সেভাবে অনুশীলন করছি এবং প্রস্তুত হচ্ছি”।
আইপিএলের মঞ্চে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই ডেভিড ওয়ার্নার। তাদেরহয়ে ৯৫টি ম্যাচে ৪০১৪ রান রয়েছে এই অজি তারকার। শুধু তাই নয় হায়দরাবাদের হয়ে খেলেই আইপিএলে দুটো শতরানও রয়েছে তাঁর। যদিও সেসব এখন অতীত। দীর্ঘদিন পর ফের ওয়ার্নার ফিরেছেন দিল্লি শিবিরে। মুখে কিছু না বললেও, তাকে করা অপমান যে বৃহস্পতিবারই হায়দরাবাদকে তিনি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে রয়েছে তা বেশ স্পষ্ট।