সামনের পাঁচটি ম্যাচই রাসেলের কাছে পাঁচটা ফাইনাল, ঘুরে দাঁড়াতে মরিয়া নাইট রাইডার্স
আপডেট করা - May 2, 2022 5:10 pm

আইপিএলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্সের সামনে এখন টিকে থাকার লড়াই। ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিতে লিগ তালিকায় অনেকটাই নীচে নেমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের দড়জা খোলা রাখতে হলে শেষ পাঁচটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে। এই পাঁচটি ম্যাচই এখন আন্দ্রে রাসেলের কাছে পাঁচটি ফাইনাল। লিগের সাধারণ ম্যাচ হলেও, রাসেল মনে করছেন এই পাঁচটি ম্যাচেই তাদের কাছে ফাইনালের সমান। আর সেভাবেই তাদের খেলতে হবে।
সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। লড়াইটা কঠিন হলেও, তাদের জয় পাওয়াটা যে অসম্ভব তা মানকে নারাজ শ্রেয়স আইয়ারদের শিবিরের সবচেয়ে বিধ্বংসী তারকা আন্দ্রে রাসেল। যদিও এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস দুরন্ত ছন্দে রয়েছে। যদিও গতম্যাচে তাদের হারতে হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস। সেই রাজস্থানের বিরুদ্ধে নামার আহে নাইট শিবিরের বিধ্বংসী ব্যাটারের থেকে শোনা গেল হুংকার।
আইপিএলের প্লে অফে পৌঁছতে হলে আসন্ন পাঁচটি ম্যাচই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে
এত সহজেই যে তারা হাল ছেড়ে দিতে নারাজ, তা বেশ স্পষ্ট। বরং প্রতিটা ম্যাচই এখন কলকাতা নাইট রাইডার্সের কাছে ফাইনাল ম্যাচের মতো গুরুত্ব। ফিরে আসার এখনও সময় রয়েছে। আর সেই লক্ষ্যেই নিজেদের প্রস্তুতি চালাচ্ছে তারা। এই মুহূর্তে আইপিএলে ঠিক কেমন পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন, তা বেশ ভালভাবেই জানেন আন্দ্রে রাসেল। দলের সঙ্গে নিজেকেও তেমনভাবেই প্রস্তুত করছেন তিনি।
আইপিএলে বরাবরই নাইট রাইডার্সের অন্যতম ভরসা আন্দ্রে রাসেল। কিন্তু সেই রাসেল এখনও পর্যন্ত এবারের আইপিএলে সেভাবে জ্বলে উঠতে পারেননি। যদিও সেসব ভুলে এখন শুধুই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে তারা। আর সেই প্রসঙ্গেই ম্যাচের আগে আন্দ্রে রাসেল জানিয়েছেন, “আমরা যেমনটা চেয়েছিলাম, এটা কিন্তু একেবারেই সেই পরিস্থিতি নয়। তবে সমর্থকরা সবসময়ই আমাদের পাশে দাঁড়িয়েছে। ঠিক যেমনটা কোনও ফ্র্যাঞ্চাইজি চায়, আমাদের সমর্থকরা ততটাই আমাদের পাশে দাঁড়ায়। আমরা লড়াই করার জন্য প্রস্তুত এবং এই পাঁচটা ম্যাচ আমাদের কাছে এখন পাঁচটা ফাইনাল”।
A special message for the fans from Big Dre! 💜#AndreRussell • #KnightsInAction presented by @glancescreen | #KKRHaiTaiyaar #KKRvRR #IPL2022 pic.twitter.com/IaZheaz4th
— KolkataKnightRiders (@KKRiders) May 2, 2022
আইপিএলে কেকেআরকে প্লে অফে পৌঁছতে হলে বাকি সবকটি ম্যাচেই জিততে হবে তাদের। যারমধ্যে সোমবারই তারা নামছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এছাড়া দুটো ম্যাচ বাকি রয়েছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সবকিছু মিলিয়ে সামনের রাস্তাটা কঠিন। নাইট তারকারা সেই রাস্তা পার করে প্লে অফের দড়জা খুলতে পারে কিনা সেটাই এখন দেখার।