আইপিএল ২০২৩ টিম প্রিভিউ: রাজস্থান রয়্যালস – শক্তি, দুর্বলতা, সম্ভাব্য একাদশ
গতবারের রানার্স-আপ দলকে এবারেও শক্তিশালী দেখাচ্ছে
আপডেট করা - Mar 31, 2023 5:16 pm

আইপিএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়ে চমকপ্রদভাবে শুরু করলেও, রাজস্থান রয়্যালস (আরআর) পরবর্তী মরসুমগুলিতে বিশেষ সাফল্য পায়নি। তবে আইপিএল ২০২২-এ সঞ্জু স্যামসনের নেতৃত্বে আরআর ধারাবাহিকভাবে পারফর্ম করে ১৪ বছর পরে আইপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছিল। তবে ফাইনালে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৭ উইকেটের ব্যবধানে হেরে যাওয়ায় দ্বিতীয় শিরোপা জেতা সম্ভব হয়নি। আসন্ন মরসুমে তারা চায়বে আরও এক ধাপ এগিয়ে ট্রফি দখল করার।
স্কোয়াড মজবুত করার লক্ষ্যে আইপিএল ২০২৩ মিনি-নিলামে বেশ কিছু তারকা খেলোয়াড়কে কিনেছে আরআর। বিদেশীদের মধ্যে জেসন হোল্ডার ও অ্যাডাম জ্যাম্পা গুরুত্বপূর্ণ সংযোজন। গত মরসুমে ব্যাটিং ক্রমের সাত নম্বর পজিশন বিশেষ স্থিতিশীল ছিল না। হোল্ডার আসায় সেই পজিশন দৃঢ় হবে। রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের স্পিন জুটির উপযুক্ত বিকল্প হিসেবে থাকবেন জ্যাম্পা। এ ছাড়া আইপিএলে প্রথমবারের জন্য দেখা যাবে বর্ষীয়ান জো রুটকে।
জাতীয় দলের পেসার প্রসিধ কৃষ্ণ চোটের কারণে আসন্ন মরসুম থেকে ছিটকে গেছেন এবং এই জোরালো ধাক্কা রাজস্থান কীভাবে সামলায় সেই দিকে নজর থাকবে। প্রসিধের পরিবর্ত হিসেবে স্কোয়াডে এসেছেন সন্দীপ শর্মা। ভারতীয় পেসারদের মধ্যে বিকল্প হিসেবে আছেন নভদীপ সাইনি, কুলদীপ সেন। আকর্ষণীয় খেলোয়াড় হতে পারেন দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটার ডোনোভান ফেরেইরা।
শক্তি
গত বছরে সাফল্য এনে দেওয়ার খেলোয়াড়দের উপরেই ভরসা রেখে রাজস্থান তাদের স্কোয়াডের মূল খেলোয়াড়দের ধরে রেখেছে। পরিচিত সদস্য থাকায় অধিনায়ক সঞ্জু স্যামসন নেতৃত্ব দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বিদেশী হিসেবে জেসন হোল্ডারের সংযোজনের ফলে দলে ভারসাম্য এসেছে। এর পাশাপাশি প্রথম পছন্দের বিদেশী খেলোয়াড়দের উপযুক্ত বিকল্প রয়েছে স্কোয়াডে।
দুর্বলতা
গত মরসুমে দেবদত্ত পাড়িক্কাল ও রিয়ান পরাগ বিশেষ বরসা যোগাতে পারেননি। নিলামে রাজস্থান আকাশ বশিষ্ঠকে কিনলেও, তিনি আইপিএলে বিশেষ অভিজ্ঞ নন। সেক্ষেত্রে প্রাথমিকভাবে পাড়িক্কাল ও রিয়ানকেই খেলাতে পারে আরআর। এই দুই খেলোয়াড় যদি আগেরবারের চেয়ে উন্নত পারফর্ম্যান্স না দেখাতে পারেন তবে রয়্যালস বিপাকে পড়তে পারে।
সম্পূর্ণ স্কোয়াড
সঞ্জু স্যামসন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, নবদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কে সি কারিয়াপ্পা, জেসন হোল্ডার, ডোনোভান ফেরেইরা, কুনাল রাঠোর, অ্যাডাম জ্যাম্পা, কে এম আসিফ, মুরুগান অশ্বিন, আকাশ বশিষ্ঠ, আবদুল পি এ, জো রুট।
প্রথম ম্যাচের জন্য সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সওয়াল, জস বাটলার (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কাল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহাল।
আইপিএল ২০২৩-এ আরআরের সম্পূর্ণ সূচী
| ম্যাচ নম্বর | তারিখ | ম্যাচ | কেন্দ্র | সময় (ভারতীয়) |
| ৪ | এপ্রিল ২ | সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস | হায়দ্রাবাদ | দুপুর ৩:৩০ |
| ৮ | এপ্রিল ৫ | রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস | গুয়াহাটি | সন্ধ্যা ৭:৩০ |
| ১১ | এপ্রিল ৮ | রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস | গুয়াহাটি | দুপুর ৩:৩০ |
| ১৭ | এপ্রিল ১২ | চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস | চেন্নাই | সন্ধ্যা ৭:৩০ |
| ২৩ | এপ্রিল ১৬ | গুজরাত জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালস | আহমেদাবাদ | সন্ধ্যা ৭:৩০ |
| ২৬ | এপ্রিল ১৯ | রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস | জয়পুর | সন্ধ্যা ৭:৩০ |
| ৩২ | এপ্রিল ২৩ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রাজস্থান রয়্যালস | বেঙ্গালুরু | দুপুর ৩:৩০ |
| ৩৭ | এপ্রিল ২৭ | রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস | জয়পুর | সন্ধ্যা ৭:৩০ |
| ৪২ | এপ্রিল ৩০ | মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস | মুম্বাই | সন্ধ্যা ৭:৩০ |
| ৪৮ | মে ৫ | রাজস্থান রয়্যালস বনাম গুজরাত জায়ান্টস | জয়পুর | সন্ধ্যা ৭:৩০ |
| ৫২ | মে ৭ | রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ | জয়পুর | সন্ধ্যা ৭:৩০ |
| ৫৬ | মে ১১ | কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস | কলকাতা | সন্ধ্যা ৭:৩০ |
| ৬০ | মে ১৪ | রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | জয়পুর | দুপুর ৩:৩০ |
| ৬৬ | মে ১৯ | পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস | ধরমশালা | সন্ধ্যা ৭:৩০ |