বোলিং থেকে ব্যাটিংয়ে যোগ্য পার্টনারশিপের অভাবেই ব্যর্থতা, মেনে নিচ্ছেন রোহিত শর্মা
আপডেট করা - Apr 16, 2022 9:03 pm

এবারের আইপিএলটা মুম্বই ইন্ডিয়ান্সের কাছে যেন একটা দুঃস্বপ্নের থেকে কম কিছু নয়। আইপিএলের মঞ্চে হাফ ডজন ম্যাচ হেরে গিয়েছেন রোহিত শর্মারা। পাঁচবারের চ্যাম্পিয়নদের এমন করুণ অবস্থা এর আগের কোনও আইপিএলেই দেখা যায়নি। ২০২২ মরসুমে সেটা দেখেই সকলে যেন হতবাক। হয়ত হতবাক রোহিত শর্মা নিজেও। এতদিন আশার সুর তাঁর গলা থেকে শোনা গেলেও, অবশেষে হতাশার ছাপ এবার স্পষ্ট অধিনায়ক রোহিতের চোখে মুখে। বোলিং থেকে ব্যাটিংয়ে তারা যে পার্টনারশিপ তৈরি করতে পারছেন না, সেই কথাই এবার স্বীকার করে ফেললেন রোহিত শর্মা।
আইপিএলের নিলামের পর থেকেই এবার মুম্বই ইন্ডিয়ান্সের দল গঠন নিয়ে একটা প্রশ্ন সকলের মনে ছিল। অনেকেই তাদের এমন দল গঠনকে এবার সমর্থন জানাতে পারেননি। তবে কী তারই প্রতিফলন এবারের আইপিএলের মঞ্চে দেখা যাচ্ছে। একের পর এক ম্যাচ হারতে হারতে মুম্বই ইন্ডিয়ান্স যে জায়গায় চলে গিয়েছে, সেখান থেকে ফিরে আসাটা কার্যত অসম্ভবই বলা চলে। আর মুম্বই ইন্ডিয়ান্সের এমন অবস্থা দেখে জল্পনা এখন তুঙ্গে।
শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ছ নম্বর ম্যাচে নেমেছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের প্লেঅফের রাস্তা খোলা রাখতে হলে এই ম্যাচ জিততেই হত মুম্বই ইন্ডিয়ান্সকে। লড়াইটা করলেও, শেষরক্ষা করতে পারেনি তারা। লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের কাছে ১৮ রানে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এরপরই দলের ব্যর্থতার প্রধান কারণ রোহিত শর্মার মুখে। প্রথম একাদশ তো বটেই, বোলিং থেকে ব্যাটিংয়ে কোনওরকম পার্টনারশিপ তৈরি করতে না পারার জন্যই হারতে হচ্ছে তাদের। অকপট স্বীকারক্তি রোহিত শর্মার।
পরপর ছয় ম্যাচ হেরে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফের রাস্তা ক্রমশই কঠিন হচ্ছে
ম্যাচ শেষে রোহিত শর্মা জানিয়েছেন, “ঠিকঠাক পার্টনারশিপ গড়তে না পারার মূল্যই চোকাতে হচ্ছে আমাদের। ব্যক্তিগত পারফরম্যান্সের থেকে দলগত পারফরম্যান্সকেই আমরা প্রাধান্য দিয়ে এসেছি। আর সেজন্যইউ বোলিংয়ের সময় দলের সেরা বোলারদের ওভার বাঁচিয়ে শেষ মুহূর্তের জন্য রাখা হয়েছে। একজন ভাল করলেও, সাফল্য আসা সম্ভব নয়। বাকিদেরও দায়িত্ব নিতে হবে”।
তিনি আরও জানিয়েছেন, “আমরা প্রথম একাদশ বাছার কাজও যথেষ্ট নিখুঁতভাবে করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু ম্যাচ হারের পর তা নিয়ে ভাবাটা কোনও কাজ নয়। প্রথম একাদশ সবসময়ই প্রতিপক্ষে ওপর নির্ভর করে। কিন্তু এই হারগুলো ক্রমশই সেই কাজটাকে কঠিন করে দিচ্ছে। আমাদের প্রতিপক্ষ দল সত্যিই ভাল পারফরম্যান্স দেখিয়েছে। বিশেষ করে রাহুল”।
অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে এখনও পর্যন্ত রানের খরা চলছে
টস জিতে এদিন লখনউ সুপার জায়ান্টসকেই প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে মুম্বই ইন্ডয়ান্সের সামনে বিরাট রানের পাহাড় গড়ে তুলেছিল লখনউ সুপার জায়ান্টস। লোকেশ রাহুলদের ১৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮৩ রানেই শেষ হয়ে মুম্বই ইন্ডয়ান্স। একইসঙ্গে এবারে তাদের আইপিএলে টিকে থাকাটাই সবচেয়ে বড় প্রশ্নের মুখে হাতে এখনও অবশ্য বেশকিছু ম্যাচ বাকি রয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স কোনও মিরাকেল দেখাতে পারে কিনা সেটাই এখন দেখার।