হার্দিক পান্ডিয়াকে একজন যোগ্য নেতার সার্টিফিকেট দিলেন রবি শাস্ত্রী
আপডেট করা - Apr 9, 2022 6:52 pm

আইপিএলে অভিষেকেই তিনে তিন করেছে গুজরাত টাইটান্স। পরপর তিন ম্যাচ জিতে এই মুহূর্তে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এবার সেই গুজরাত টাইটান্সের নেতৃত্বেই রয়েছেন হার্দিক পান্ডিয়া। আর প্রথম তিন ম্যাচেই তাঁর পারফর্ম্যান্সে মুগ্ধ প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। বিশেষ করে শেষ ম্যাচে ব্রেবোর্ন স্টেডিয়ামে যেভাবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতেছে গুজরাত টাইটান্স। তা দেখার পর থেকেই নেতা হার্দিককে নিয়ে উচ্ছ্বসিত রবি শাস্ত্রী।
দীর্ঘদিন পর মাঠে ফিরেছে হার্দিক পান্ডিয়া। তাঁর দিকেই নজর ছিল সকলের। কারণ গত প্রায় দু বছর ধরে কোমড়ের চোটের জন্য হার্দিক পান্ডিয়াকে অলরাউন্ডার হিসাবে দেখা যাচ্ছে না। তাই হার্দিকের দিকেই একটু বেশী নজর ছিল সকলের। আর মাঠে ফেরার পর থেকেই সকলকে চমকে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে বড় রান না পেলেও, শেষের দিকে নেমে ঝোরো ইনিংস যেমন খেলছেন। তেমনই বল হাতেও এবার সফল হার্দিক পান্ডিয়া। আর এই সমস্ত কিছু দেখেই তাঁর নেতৃক্ব নিয়ে উচ্ছ্বাসের সুর শাস্ত্রীর গলায়।
ইএসপিএন ক্রিকইনফোতে তাঁর প্রসঙ্গে রবি শাস্ত্রী জানিয়েছেন , “তিনি নতুন বল নিয়ে বল করার জন্য প্রস্তুত রয়েছেন। একইসঙ্গে চার নম্বরেও ব্যাটিংয়ের জন্যও প্রস্তুত রয়েছেন তিনি। আর এটা থেকেই বোঝা যায় যে তিনি যথেষ্ট ফিট এবং এই মুহূর্তে তিনি যে পরিস্থিতির মধ্যে রয়েছেন তা একেবারে পারফেক্ট। এবারের আইপিএল শুরু হওয়ার আগে বরু তরুণ অধিনায়কদের আলোচনা শুরু হয়েছিল। সেখানে ছিলেন লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার এবং হার্দিক পান্ডিয়া। এই তারকা যে দলকে যোগ্য নেতৃত্ব দিতে পারে তা নিয়ে কোনও সন্দেহ নেই”।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে বল হাতে প্রথম দুই উইকেটই তুলে নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। শুধু তাই নয় সে্ই ম্যাচে ব্যাট হাতেও কঠিন পরিস্থিতিতে মাঠে নেমে বেশকিু বড় শট দেখা গিয়েছিল তাঁর ব্যাট থেকে এবং ম্যাচ শেষে নিজের পারফর্ম্যান্স নিয়ে বেশ স্বস্তির কথাই শোনা গিয়েছিল হার্দিকের মুখ থেকেও। প্রতিযোগিতা যত এগোবে ততই নাকি তাঁর খেলা আরও ভাল হবে। জানিয়েছিলেন হার্দিক। এন সেদিকেই তাকিয়ে সকলে।