সমস্ত জল্পনা উড়িয়ে আইপিএলের নিলামে নাম নথিভুক্ত জফরা আর্চারের
আপডেট করা - Feb 1, 2022 9:55 pm

শুরুর দিকে তাঁকে নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে খানিকটা স্বস্তি। আসন্ন আইপিএলের মঞ্চে দেখা যাবে স্পীডস্টার জফরা আর্চারকে। প্রথম দিকে তাঁর আইপিএলের মঞ্চে না নামার কথা শোনা গেলেও, শেষপর্যন্ত সমস্ত জল্পনাকে মিথ্যা প্রমান করে আইপিএলের মেগা নিলামের জন্য নিজের নাম নথিবুক্ত করেন জফরা আর্চার। এবারের আইপিএলে ২ কোটি টাকার বেস প্রাইজের ক্যাটাগরিতেই নিজের নাম নথিভুক্ত করেছেন ইংল্যান্ডের তারকা বোলার। তবে মার্কি ক্রিকেটারের তালিকায় জায়গা হয়নি তাঁর।
আইপিএলের মঞ্চ থেকেই উথ্থান ইংল্যান্ডের এই তারকা বোলারের। রাজস্থান রয়্যালসের জার্সিতে আত্মপ্রকাশ করেন জফরা আর্চার। সেই থেকেই সাফল্যের সঙ্গে এগোনো শুরু। তাঁর গতি, বাউন্সারের সঙ্গে সুইংয়ের দক্ষতাতে মুগ্ধ হয়েছিল গোটা বিশ্ব। ২০১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন জফরা আর্চার। ইংল্যান্ডের জার্সিতে এই কদিনে গড়ে ফেলেছেন বেশকিছু নজিরও।
কিন্তু আইপিএলের আগে সেই জফরা আর্চারকে নিয়েই শুরু হয়েছিল জল্পনা। আসন্ন আইপিএল হবে ১০ দল নিয়ে। ক্যাশ রিচ লিগের উন্মাদনা যে আরও বাড়তে চলেছে ত বলাই বাহুল্য। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী তারই মেগা নিলামের আসর বসতে চলেছে বেঙ্গালুরুতে। সেখানে জফরা আর্চারকে দেখা যাবে কিনা সেই নিয়েই সকলের মনেই সন্দেহ ছিল।
গত বছর থেকেই চোটের কবলে ইংল্যান্ডের এই তারকা বোলার। কনুইয়ে চোট পেয়েছিলেন তিনি। এরপরই গতবছরের ডিসেম্বরে মাসে কনুইয়ে অস্ত্রোপচার করান জফরা আর্চার। সেই থেকেই মাঠের বাইরে ইংল্যান্ডের এই তারকা বোলার। ঐতিহ্যের অ্যাশেজেও নামতে পারেননি তিিনি। শুধু তাই নয় তিনি সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও ইংল্যান্ডে দলে ছিলেন না।
যদিও কয়েকদিন আগে আর্চার নিজেই তাঁর সুস্থ হয়ে ওঠার কথা সকলকে জানিয়ছিলেন। একইসঙ্গে কাউন্টি ক্রিকেটে ফেরার কথাও জানিয়েছিলেন জফরা আর্চার। কিন্তু আইপিএলে তিনি খেলবেন কিনা সেই ব্যপারে তখন কিছুই স্পষ্টভাবে জানাননি আর্চার। আইপিএলে শেষপর্যন্ত তিনি খেলছেন কিনা তাও বোঝা যাচ্ছিল না।
মঙ্গলবার আইপিএলের ৫৯০ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বোর্ড। আর সেখানেই দেখা গিয়েছে জফরা আর্চারের নাম। তাঁর চোট নিয়েই খানিকটা সমস্যা ছিল। শোনাযাচ্ছে ইসিবির তরফে বোর্ডকে জানানো হয়েছে যে আর্চার নাকি ২০২২ এবং ২৩ মরসুম খেলতে পারবেন। আর তারপরই আর্চারের নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মার্কি ক্রিকেটারের তালিকায় রাখা হয়নি। তবে আর্চারের বেস প্রাইজ রাখা হয়েছে ২ কোটি।
আর্চারের মতো ক্রিকেটারকে নিয়ে যে এবার লড়াইটা বেশ জোরদার হবে, সেটাই এখন থেকেই বোঝা যাচ্ছে। এখন দেখার শেষপর্যন্ত কোন দলে যান জফরা আর্চার।