চোটের কারণে আইপিএল ২০২২ থেকে ছিটকে গেলেন অজি পেসার ন্যাথান কুল্টার-নাইল
এসআরএইচের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে পেশীতে চোট পান কুল্টার-নাইল
আপডেট করা - Apr 6, 2022 4:35 pm

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মরসুমের শুরুতেই বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস (আরআর) শিবির। তাদের বিদেশী পেস বোলার ন্যাথান কুল্টার-নাইল টুর্নামেন্টের বাকি অংশ থেকে বাদ পড়েছেন। তিনি এই মরসুমে রয়্যালসের হয়ে শুধুমাত্র একটি ম্যাচ খেলেছেন। যেটি ছিল আরআরের মরসুমের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরআইচ) বিপক্ষে। ফাস্ট বোলার সেই খেলায় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান।
তিনি পরের দুটি ম্যাচে খেলেননি এবং শেষ পর্যন্ত তাঁকে স্কোয়াড থেকেই বেরিয়ে যেতে হল। যে একমাত্র ম্যাচটি তিনি খেলেছিলেন সেই ম্যাচে কুল্টার-নাইল তাঁর তিন ওভারে ৪৮ রান দিয়েছিলেন এবং কোন উইকেট পাননি। রাজস্থান সেই ম্যাচটি ৬১ রানে জিতে আইপিএল ২০২২-এর অভিযান দুর্দান্তভাবে শুরু করেছিল।
রাজস্থান রয়্যালসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল অস্ট্রেলিয়ার পেসারকে বিদায় জানানোর সাথে সাথে তাঁর বাদ পড়ার খবর প্রকাশিত হয়েছে। “আবার আমাদের দেখা না হওয়া পর্যন্ত, এনসিএন। দ্রুত সেরে ওঠো,” রয়্যালস টুইটের ক্যাপশনে লিখেছে। রাজস্থান রয়্যালস মেগা নিলামে ২ কোটি টাকার বেস প্রাইসে কুল্টার-নাইলকে কিনেছিল।
Until we meet again, NCN. 💗
Speedy recovery. 🤗#RoyalsFamily | #HallaBol | @coulta13 pic.twitter.com/XlcFUcTg5L
— Rajasthan Royals (@rajasthanroyals) April 6, 2022
কুল্টার-নাইলের পরিবর্ত কে হবে তা এখনও রাজস্থান রয়্যালস জানায়নি
ঘটনাটি ঘটে যখন পেসার সানরাইজার্স ইনিংসের শেষ ওভারটি বল করতে আসেন। তার আগেই অবশ্য রাজস্থান ম্যাচটি পকেটে পুরে নিয়েছিল কারণ শেষ ওভারে এসআরএইচকে করতে হত ৭৬ রান। ওভার সম্পূর্ণ না করেইন কুল্টার-নাইলকে মাঠ ছাড়তে হয়েছিল।
প্রথম ডেলিভারি কোমরের উপরের ফুল টস হওয়ার কারণে নো বল ডাকা হয়। সেই ডেলিভারিটি সম্পূর্ণ করার সময় তিনি ফলো-থ্রুতে পড়ে যান এবং কাফ মাসলে চোট পান। ১৬ ইকোনমি রেটে বোলিং করা কুল্টার-নাইলের জায়গায় সেই ওভারটি সম্পূর্ণ করতে আসেন রিয়ান পরাগ।
রাজস্থান রয়্যালস দুরন্ত ছন্দে তাদের টুর্নামেন্ট শুরু করেছে। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর পরে দ্বিতীয় ম্যাচে জস বাটলারের সেঞ্চুরির সৌজন্যে তারা পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকেও হারিয়েছে। ৫ই এপ্রিল তাদের তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারের সম্মুখীন হতে হলেও ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে আছে।
ব্যাট হাতে জস বাটলার ও শিমরন হেটমায়ার দুর্দান্ত ফর্মে আছে। বল হাতে সেরা ছন্দে আছেন লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। অনেক দিন পর রাজস্থান রয়্যালসকে দেখে মনে হচ্ছে তারা শিরোপা জেতার দাবিদার হতে পারে। কুল্টার-নাইলের পরিবর্ত খেলোয়াড়ের নাম এখনও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।