“আমার অগ্রাধিকার হল আইপিএল জেতা” – টুর্নামেন্টের আগে ফোকাস স্থির ঋষভ পান্তের
বিগত তিনটি মরসুমেই প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে পান্তের দিল্লি ক্যাপিটালস
আপডেট করা - Mar 25, 2022 12:38 pm

দিল্লি ক্যাপিটালস (ডিসি) অধিনায়ক ঋষভ পান্ত বিশ্বাস করেন যে আসন্ন আইপিএল ২০২২-এর সময় কোনও খেলোয়াড়কে তিনি একা বদলে দিতে পারেন না। উইকেটকিপার-ব্যাটারকে গত বছর ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক হিসাবে নিযুক্ত করা হয়েছিল এবং তিনি টানা দ্বিতীয়বারের জন্য দলের নেতৃত্ব দেবেন।
২৪ বছর বয়সী অধিনায়ক হিসাবে তাঁর প্রথম মরসুমে সাফল্যের সঙ্গেই শুরু করেছিলেন। ১০টি ম্যাচ জিতে দিল্লি লিগ পর্বে শীর্ষ স্থানে ছিল। তবে টুর্নামেন্টের প্লে-অফ পর্বে প্রথম ও দ্বিতীয় দুটি কোয়ালিফায়ারেই যথাক্রমে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কাছে হেরে বিদায় নেয়।
দুই মাসের মধ্যে কেউ সুপারহিরোতে পরিণত হয় না: ঋষভ পান্ত
অধিনায়ক হিসাবে তাঁর ভূমিকায় ভারসাম্যের প্রয়োজনীয়তা সম্বন্ধে টাইমস অফ ইন্ডিয়ার সাথে একটি সাক্ষাৎকারে ঋষভ পান্ত বলেছেন, “একটা ভারসাম্য থাকতে হবে। এর মানে এই নয় যে আমি একজন অধিনায়ক হয়েছি বলেই আমাকেই সব সময় সিরিয়াস থাকতে হবে। অন্য জনকেও সিরিয়াস কথোপকথন করতে হবে। পরিবর্তন এবং উন্নতির মধ্যে পার্থক্য আছে। যেমন, ফিটনেস গুরুত্বপূর্ণ কিন্তু আপনি শুধু ফিটনেস নিয়ে ভাবতে পারবেন না।”
দিল্লি ক্যাপিটালসের সাথে আইপিএল জেতা তাঁর প্রাথমিক লক্ষ্য দাবি করে পান্ত বলেছেন, “আমার অগ্রাধিকার হল আইপিএল জেতা। আমি দুই মাসে একজন মানুষকে পরিবর্তন করতে পারি না। আপনি তাঁকে উন্নত হওয়ার পরিবেশ দিতে পারেন কিন্তু পরিবর্তন করতে পারবেন না। দুই মাসের মধ্যে কেউ সুপারহিরোতে পরিণত হয় না। আপনি কারোর উপর কিছু চাপিয়ে দিতে পারবেন না। আমি এখানে কয়েক বছরে ক্যাপিটালসে যে প্রক্রিয়াটি তৈরি করেছি সেটি নিয়েই চলার চেষ্টা করছি। “
পান্ত ফ্র্যাঞ্চাইজির সাথে পরপর তিনটি মরসুমে প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করেছেন, যার মধ্যে ২০২০ সালে ফাইনালে উপস্থিতিও রয়েছে। সাম্প্রতিক অতীতে সবচেয়ে ধারাবাহিক পারফরমারদের একজন হওয়া সত্ত্বেও, ক্যাপিটালসের এখনও একটিও আইপিএল শিরোপা নেই।
উইকেটকিপার হিসেবে পান্তের রূপান্তর এবং ক্রম উন্নতি প্রসঙ্গে তিনি বলেছেন, “বারবার একই কাজ করতে থাকলে আত্মবিশ্বাস আসবে। আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেটে আসেন, লোকেরা তাদের নিজস্ব মতামত তৈরি করেই রাখে। লোকেরা ইতিমধ্যেই তাদের মনে সিদ্ধান্ত নিয়েছিল যে ‘ইয়ার, ইয়ে কিপিং অ্যায়সে হি করতা হ্যায়’ (সে এমনভাবেই কিপিং করে)।”
তিনি যুক্ত করেছেন, “‘প্রতিটি উইকেটকিপার একবার বা দুইবার সুযোগ হাতছাড়া করবেই। আপনি যদি সেই চাপকে দূরে সরিয়ে রাখতে পারেন তবে আপনি একটি ভিন্ন স্তরে উঠতে পারেন। সেটি এখন আমার পারফরম্যান্সে দেখা যায়।”
শ্রীলঙ্কার বিরুদ্ধে সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার পাওয়া পান্ত আইপিএল ২০২২-এ যখন ক্যাপিটালসের নেতৃত্ব দিতে নামবেন তখন নিঃসন্দেহে অধরা আইপিএল ট্রফির দিকেই দৃষ্টি রাখবেন৷ দিল্লি-কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজি ২৭শে মার্চ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে।