সমর্কদের জয় উপহার দেব, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েই জানালেন টিম ডেভিড
আপডেট করা - Mar 10, 2022 9:18 pm

মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের জন্য এবং বহু ম্যাচ জয়ের জন্য মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন টিম ডেভিড। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম চমক তিনি। একেবারে অবাছাই তারকা থেকে মেগা নিলামের মঞ্চে হয়ে উঠেছেন তারকা। লোয়ার অর্ডার ব্য়াটিং পজিশনে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে সকলে মুগ্ধ হয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের নডরে প্রথম থেকেই ছিলেন তিনি। বৃহস্পতিবারই আইপিএলের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে যোগ দিলেন সিঙ্গাপুরবাসী এই তরুণ ক্রিকেটার টিম ডেভিড।
আগামী ১৫ মার্চ থেকে এবারের আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করবে প্রতিটি দল। ঘরের মাঠেই প্রস্তুতিতে নামবে মুম্বই ইন্ডিয়ান্সও। আর সেজন্যই একে একে তারকারা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিতে শুরু করেছেন। তবে মুম্বইয়ের যে দুই তারকার দিকে সকলে সবচেয়ে বেশী তাকিয়ে তারা হলেন ইশান কিষাণ ও টিম ডেভিড। এ্ই দুই তারকাকেই এবার সবচেয়ে বেশী দাম দিয়ে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স।
বৃহস্পতিবার টিম ডেভিড ছাড়াও মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন জয়দেভ উনাদকাট। একইসঙ্গে এদিনই মুম্বই শিবিরে যোগ দিয়েছেন তাদের তারকা বোলিং কোচ শেন বন্ডও। ভারতীয় দলের শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হলেই শিবিরে যোগ দেবেন রোহিত শর্মা, জসপ্রীত বুমারাহরা। তবে এই তারকাদের নিয়ে এখন থেকেই একপ্রকার প্রস্তুতিতে নেমে পড়বে মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন তরুণ তারকা টিম ডেভিড
এবারের আইপিএলে ইশান কিষাণকে ১৫ কোটি টাকায় দলে তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় দিন সকলকে চমকে দিয়ে অবাছাই টিম ডেভিডকে সাড়ে ৮ কোটি টাকা দিয়ে দলে নিয়েছেন তারা। তাদের দলে লোয়ার অর্ডার ব্যাটিং পজিশনে ব্যাট করার মতো ক্রিকেটার খুঁজছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই জায়গাতেই এই তরুণ তারকা ক্রিকেটারকে দলে নিতে মরিয়া ছিল। প্রায় দুই থেকে তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁকে নিয়ে হাড্ডহাড্ডি লড়াই চলে মুম্বই ইন্ডিয়ান্সের। অবশেষে তাঁকে দলে নিতে পেরেছিল তারা।
সিঙ্গাপুরের বাসিন্দা হলেও, ক্রিকেটের বাইশগজে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ তারকা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে যেমন বিধ্বংসী পারফরম্যান্স তিনি দেখিয়েছেন, তেমনই পাকিস্তান সুপার লিগের মুলতান সুলতানের হয়েও তাঁর পারফরম্যান্স ছিল দেখার মতো। আর সেই সমস্ত কিছু দেখার পরই তাঁকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে যোগ দিয়ে তিনি জানিয়েছেন, “ভারতের এমন একটা ফ্র্যাঞ্চাইজির হতে খেলার জন্য মুখিয়ে রয়েছি আমি। আশাকরি ভাল ক্রিকেট সকলকে উপহার দেব, সমর্থকদের যেমন হতাশ করব না, তেমনই বহু ম্যাচ জেতার ব্যপারে আশাবাদী”।