পিবিকেএসের বিরুদ্ধে মাঠে নামার আগে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে কেকেআর
আপডেট করা - May 7, 2023 9:04 pm

৮ই মে, সোমবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৫৩ তম ম্যাচে ইডেন গার্ডেন্সে নীতিশ রানার নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস (পিবিকেএস) একে অপরের মুখোমুখি হবে। এই মরসুমে পিবিকেএসের বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে পরাজিত হয়েছিল দুবারের চ্যাম্পিয়নরা।
শিখর ধাওয়ানের দলের বিরুদ্ধে মাঠে নামার আগে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে নীতিশ রানার দল। কলকাতা নাইট রাইডার্স নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অনুশীলন করার বেশ কয়েকটি ছবি এবং রিল ভিডিও পোস্ট করেছে। রিঙ্কু সিংকে নেটে রিভার্স সুইপ শট মারতে দেখা যায়। টিম সাউদির ইয়র্কার অনুশীলন করার একটি রিল ভিডিও শেয়ার করেছে কেকেআর। আর্য দেশাইয়ের ব্যাটিং অনুশীলন করারও একটি রিল ভিডিও পোস্ট করেছে তারা। নেটে দেশাইকে বেশ কয়েকটি সুন্দর শট খেলতে দেখা গেছে। একটি ভিডিওতে অনুকূল রায়কে বোলিং অনুশীলন করতে দেখা গেছে। এছাড়াও শার্দুল ঠাকুরের অনুশীলন করার দুটি ছবি পোস্ট করেছে কেকেআর।
আগের ম্যাচে এসআরএইচের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল কেকেআর
এডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে আগের ম্যাচটিতে রুদ্ধশ্বাস জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান করেছিল এসআরএইচ। এই ম্যাচটিতে অধিনায়ক নীতিশ রানা এবং রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে ভালো রান এসেছিল। রানা ৩১ বলে ৪২ রান করেছিলেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৩টি ছয়। রিঙ্কু সিং ৪টি চার এবং ১টি ছয় সহ ৩৫ বলে ৪৬ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। আন্দ্রে রাসেল এই ম্যাচে শুরুটা ভালো করেছিলেন, কিন্তু শেষমেশ বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। রাসেল ১টি চার এবং ২টি ছয় সহ ১৫ বলে ২৪ রান করেছিলেন।
রান তাড়া করতে নেমে শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়েছিল এসআরএইচ। এরপর অধিনায়ক এডেন মার্করাম এবং হেনরিখ ক্লাসেন ৭০ রানের একটি ভালো পার্টনারশিপ করেছিলেন। তাদের আউট করে ম্যাচে কামব্যাক করেছিল কেকেআর। ক্লাসেন এবং মার্করাম যথাক্রমে ২০ বলে ৩৬ এবং ৪০ বলে ৪১ রান করেছিলেন। শেষ ওভারে এসআরএইচের প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু বরুণ চক্রবর্তী শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে কেকেআরকে ম্যাচটি জিতিয়ে দিয়েছিলেন। পিবিকেএসের বিরুদ্ধেও তারা জয় বজায় রাখতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।