রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে নতুন পালক, ৪৩৫ উইকেট নিয়ে কপিল দেবের রেকর্ড ভাঙলেন তিনি

Ravi Ashwin
Ravi Ashwin. (Photo Source: Twitter)

রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে নতুন পালক। অপেক্ষাটা ছিলই, দ্বিতীয় ইনিংসে চা বিরতির পর সেই অপেক্ষার অবসান। কপিল দেবকে টপকে টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারির তকমা এবার রবিচন্দ্রন অশ্বিনের গায়ে। ৪৩৫ টি উইকেট নিয়ে কিংবদন্তী কপিল দেবের রেকর্ড ভেঙে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। এখন তাঁর সামনে শুধুই অনিল কুম্বলে। একইসঙ্গে ভারতীয় দলের চতুর্থ ক্রিকেটার হিসাবে ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন এই তারকা ভারতীয় স্পিনার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুই ম্যাচেই এই সুযোগটা ছিল রবিচন্দ্রন অশ্বিনের সামনে। কিন্তু সেখানে হয়নি। উইকেট তুলতে পারলেও কপিল দেবকে টপকে যাওয়ার মতো সেই সুযোগ পাননি অশ্বিন। সেই সিরিজে হেরেই দেশে ফিরতে হয়েছিল তাদের। নতুন বছরে ঘরের মাঠে প্রথমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে ভারত। চোট সারিয়ে সেই ম্যাচেই ফিরেছেন অশ্বিন। আর ফিরেই সাফল্য। রেকর্ড গড়েই পথ চলা শুরু তাঁর

মোহালীতে ম্যাচের তৃতীয় দিন চা বিরতির আগেই পাথুম নিসাঙ্কাকে ফিরিয়ে দিয়ে কপিল দেবকে ছুঁয়ে ফেলেছিলেন তিনি। অপেক্ষাটা অবশ্য তখনই শেষ হয়নি। তখন গোটা দেশের চোখ ছিল অশ্বিনের সেই রেকর্ড গড়ার মুহূর্তের দিকে। কখন কপিল দেবের সেই রেকর্ড ভেঙে নতুন পালক উঠবে তাঁর মুকুটে। চা বিরতির পরই অশ্বিনের মুখে চওড়া হাসি।

রবিচন্দ্রন অশ্বিনের নয়া রেকর্ড, কপিল দেবের রেকর্ড ভেঙে দিলেন তিনি

শ্রীলঙ্কার তারকা ব্যাটার চরিথ আসালঙ্কাকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনি। আর সেইসঙ্গেই নিজের মুকুটে তুলে নেন সেই বহু কাঙ্খিত মূল্যবান পালক। কপিল দেবের ৪৩৪টি উইঅকেটেক রেকর্ড ভেঙে ৪৩৫টি উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যান অশ্বিন। আর তা দেখেই আপ্লুত সকলে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে দুই উইকেট নিয়েই থামতে হয়েছিল তাঁকে। সেই ইনিংসে সকলে শুধুউ দেখেছিল রবীন্দ্র জাদেজার বোলিং তান্ডব। দ্বিতীয় ইনিংসেও অবশ্য সেই দাপট অব্যহত। তবে অশ্বিনও এদিন নিজের মেজাজেই ছিলেন। দ্বিতীয় ইনিংসেও দুই উইকেট তুলে নিয়েছেন অশ্বিন। ভারতের জার্সিতে ৪০০ উইকেটের ক্লাবে অশ্বিন এখন চতুর্থ সদস্য।

২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে অভিষেক হয় রবিচন্দ্রন অশ্বিনের। সেই ম্যাচ থেকেই নজ কাড়া পারফরম্যান্স তাঁর। মাত্র ৮৫টা ম্যাচ খেলেই ৪৩৫টি উইকেট শিকার করলেন অশ্বিন। যদিও কুম্বলে টপকে ভারতের সর্বোচ্চ উইকেট নেওয়ার লক্ষ্যে রবিচন্দ্রন অশ্বিনকে এখনও অনেকটা পথ হাঁটতে হবে। শুধু বোলিংই নয়, ব্যাটিংয়েও দুরন্ত পারফরম্যান্স রয়েছে এই তারকা বোলারের। ৪৩৫ টি উইকেটের পাশাপাশি অশ্বিনের ঝুলিতে রয়েছে পাঁচটি শতরান। একইসঙ্গে এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে তাঁর রয়েছে ২৯০৫ রান।

close whatsapp