“কখনোই ভাবতে পারিনি শততম টেস্ট খেলব, এই মুহূর্তটাই বিশেষ”, জানালেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. (Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)

বিরাটের শততম টেস্টে নামার অপেক্ষায় গোটা দেশ। একই অবস্থা বিরাট কোহলিরও। ভারতের ১২ তম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলতে চলেছেন তিনি। শুক্রবার কোহলির সামনে বিরাট মাইলস্টোনের হাতছানি। সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছেন তিনি। বহুদিন ধরে দেখা স্বপ্ন এওবার পূরণ হতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়কের। কেরিয়ারের শততম টেস্ট খেলার মুহূর্তটাই এখন তাঁর কাছে সবচেয়ে বিশেষ। বিরাটের ব্যাট থেকে কী সেই ম্যাচে সেঞ্চুরী দেখা যাবে, সেই অপেক্ষাতেই সকলে।

ভারতের হয়ে প্রথম শততম টেস্ট খেলেছিলেন সুনীল গাভাসকর। এরপর একে একে সেই রেকর্ড ছুঁয়েছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রীবেন্দ্র সেওয়াগরা। সেই এলিট তালিকায় এবার নাম উঠতে চলেছে বিরাট কোহলিরও। ক্রিকেটের ময়দানে পা রাখার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছিলেন তিনি। শুক্রবার মোহালীর মাটিতে বিরাট কোহলি গড়তে চলেছেন আরেক নজির।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার ভারতকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেই সিরিজে এগিয়ে থেকেও শেষরক্ষা হয়নি ভারতের। ২-১-এ সেই টেস্ট সিরিজ হেরে দেশে ফিরতে হয়েছে ভারতীয় দলকে। এরপরই ভারতীয় দলের টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। এবার তিনি শুধু ভারতীয় দলের ক্রিকেটার। বিরাটের সামনে এখন নতুন লক্ষ্য। ভারতীয় দলের জার্সিতে খেলতে চলেছেন শততম টেস্ট।

শততম টেস্ট খেলার মুহূর্তটাই তাঁর কাছে বিশেষ, জানালেন বিরাট কোহলি

একসময় তিনি নিজেই ভাবতে পারেননি এই মালস্টোন তৈরি করতে পারবেন। কিন্তু শুক্রবার সেটাই করতে চলেছেন বিরাট কোহলি। এই মুহূর্তটা যেমন তাঁর কাছে বিশেষ। ঠিক তেমনই তাঁর ছোট বেলার কোচও যে তাঁকে নিয়ে গর্বিত তা বলতে দ্বিধা করলেন না বিরাট কোহলি। শততম ম্যাচের আগে বিরাট জানান,  “আমি কখনোই ভাবতে পারিনি যে আমি শততম টেস্ট খেলতে পারব। এটা সত্যিই একটা দীর্ঘ অভিযান। শততম টেস্ট খেলার লক্ষ্যে বহু আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমি সত্যিই গর্বিত যে আমি শততম টেস্ট ম্যাচ খেলতে পারছি। যথেষ্ট পরিশ্রম করেছি, নিজেকে ফিট রাখার জন্য ক্রমাগত পরিশ্রম চালিয়ে গিয়েছি। আমার কাছে তো বটেই পরিবারের কাছেও এটা একটা বড় মুহূর্ত। শততম টেস্ট খেলার জন্য গর্বিত আমার কোচও”।

দক্ষিণ আফ্রিকা সফরেই শততম টেস্ট খেলার হাতছানি ছিল বিরাট কোহলির সামনে। কিন্তু চোটের জন্য তা পারেননি তিনি। পিঠের চোটের জন্য দ্বিতীয় টেস্ট থেকে চিটকে গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ঘরের মাঠেই সেই বিশেষ মাইলস্টোন গড়তে চলেছেন তিনি। আর তাতেই বিরাট আপ্লুত। বাইশগজে বিরাট কোহলির প্রচূর সাফল্য। কেমনভাবে সেই সাফল্যের রাস্তাটা তৈরি করেছেন, এই শততম টেস্টে নামার আগে তাও জানিয়ে দিলেন বিরাট কোহলি।

তিনি জানিয়েছেন, “কখনও ছোট রান করার মানসিকতা নিয়ে মাঠে নামিনি। সবসময়ই আমার লক্ষ্য ছিল বড় রান করার। জুনিয়র ক্রিকেটে আমি বহু দ্বিশতরান করেছি। আমার সবসময়ই মানসিকতা থাকত দীর্ঘ সময় ধরে ব্যাটিং করে যাওয়া। আমি ব্যাটিং করতে সবসময়ই ভালবাসি। এইঅ জিনিস গুলোই আমাকে তৈরি হতে সাহায্য করেছি। টেস্ট ক্রিকেট সবসময়ই আমার সবচেয়ে পছন্দের”।

close whatsapp