শ্রীলঙ্কা টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদবও
তাঁর আগে দীপক চাহারও চোটের কারণে সিরিজ থেকে বাদ পড়ে গিয়েছিলেন
আপডেট করা - Feb 23, 2022 11:48 am

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে তীব্র ধাক্কা খেল ভারতীয় শিবির। ২৪শে ফেব্রুয়ারি লখনউয়ের একানা স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তার আগেই চোটের কারণে সূর্যকুমার যাদব বাদ পড়েছেন। ইদানীং ফর্মের কারণে প্রায়ই খবরের শিরোনামে আসছিলেন সূর্যকুমার। তিনি না থাকায় মিডল অর্ডার নিয়ে টিম ম্যানেজমেন্টকে নতুন করে পরিকল্পনা করেতে হবে।
সূত্র অনুসারে ডানহাতি ব্যাটার হাতে হেয়ারলাইন ফ্র্যাকচারের শিকার হয়েছেন এবং সাদা বলের সিরিজের জন্য তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ২০শে ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় তাঁর চোটটি লাগে। উল্লেখ্য, সূর্যকুমার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর ব্যাট হাতে ব্যাপক দাপট দেখিয়েছিলেন এবং টি-টোয়েন্টি সিরিজের প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন।
তিনি তিনটি ম্যাচে ১৪০.৪৬-এর অসাধারণ স্ট্রাইক রেটে ১০৭ রান করেন। যেহেতু বিরাট কোহলি এবং ঋষভ পান্তকে শ্রীলঙ্কার টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে, তাই সূর্যকুমার ভারতের ব্যাটিং লাইন আপের অন্যতম প্রধান ভরসা হতেন। যদিও, ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, এখন জানা যাচ্ছে এই বিস্ফোরক ব্যাটার আসন্ন সিরিজটি মিস করবেন।
সূর্যকুমার যাদব ছাড়া, দীপক চাহারও শ্রীলঙ্কা টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন
এদিকে, বোলিং অলরাউন্ডার দীপক চাহারের পর সূর্যকুমার দ্বিতীয় খেলোয়াড় যিনি শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন। ডানহাতি পেসার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। রান তাড়া করতে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে আউট করার পর, চাহার তার দ্বিতীয় ওভার শেষ না করেই মাঠের বাইরে চলে যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছিলেন।
বিশ্বাসযোগ্য সূত্র অনুসারে, তিনি দলের সাথে উদ্বোধনী টি-টোয়েন্টির কেন্দ্র লখনউতে যাননি। বিসিসিআই চোট পাওয়া খেলোয়াড়দের বদলির নাম ঘোষণা করেনি এবং তার সম্ভাবনাও কম। এদিকে, স্পিডস্টার জাসপ্রিত বুমরাহের ফিরে আসার সাথে ভারতের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হয়েছে। এই সিরিজের জন্য ভারতের সহ-অধিনায়কও মনোনীত হয়েছেন তারকা পেসার বুমরাহ।
২৮ বছর বয়সী ছাড়াও, হোম টিমে ভুবনেশ্বর কুমার, আভেশ খান, মহম্মদ সিরাজ এবং হর্ষল প্যাটেলও দলে রয়েছেন। বায়ো-বাবল প্রোটোকলের কারণেই মূলত এই পর্যায়ে বদলি পাঠানো সম্ভব নয়।