খারাপ সময় কাটাতে বিরাটকে সচিনের পরামর্শ নেওয়ার উপদেশ সুনীল গাভাস্কারের
আপডেট করা - Feb 11, 2022 7:10 pm

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বিরাট কোহলির। আর সেই থেকে মুক্তি পেতেই প্রাক্তম অধিনায়ককে সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করার এবং পরামর্শ নেওয়ার উপদেশ দিলেন সুনীল গাভাস্কার। খারাপ সময়ে কাটাতে হলে বিরাটকে আরও ধৈর্য ধরতে হবে বলেও মনে করেন ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার। তবে বিরাট কোহলি সেই কথা শোনেন কিনা তা তো সময় বলবে। বিরাটের একের পর এক ব্যর্থতার পর সমালোচনা না করে বিরাটের পাশেই কিন্তু দাঁড়াচ্ছেন সুনীল গাভাস্কার।
প্রায় ৩০ মাস হয়ে গেল, বিরাট কোহলির ব্যাটে কোনও শতরান নেই। প্রতিদিনই তাঁর থেকে বড় রানের প্রত্যাশা করলেও হতাশা ছাড়া আর কিছুই মেলে না বিরাট ভক্তদের থেকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তো সবচেয়ে খারাপ অবস্থা প্রাক্তন এই ভারত অধিনায়কের। চলছে নানান জল্পনা। সমালোচনাও শুরু হয়ে গিয়েছে বিস্তর। যদিও এসবে তাঁকে কান দেওয়ারি পরামর্শ সুনীল গাভাস্কারের। বরং সচিন তেন্ডুলকরের থেকেই পরামর্শ নেওয়ার উপদেশ দিয়েছেন তিনি.
বিরাট কোহলি শূন্য রানে সাজঘরে ফেরার পরই ধারাভাষ্য দেওয়ার সময় উদ্বিগ্ন গাভাস্কার জানান, “আমি এই মুহূর্তে বিরাট কোহলিকে বলব সে যেন সচিন তেন্ডুলকরের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর থেকে পরামর্শ নেন। আমি হলে বিরাটকে একটাই পরামর্শ দিতাম, ধৈর্য ধরার। বিরাটের দক্ষতা কোনও অংশেই কমেনি। ওঁর পা থেকে মাথা সবকিছুর পজেশনই ঠিক রয়েছে। টেকনিকেও কোনও ভুল নেই। তবে ভাগ্যটা সঙ্গ দিচ্ছে না বিরাট কোহলির”।
খারাপ পারফরম্যান্স থেকে ঘুরে দাঁড়াতে বিরাটকে সচিনের পরামর্শ নিতে বললেন গাভাস্কার
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিন ম্যাচের সিরিজে মাত্র ২৬ রান পেয়েছেন তিনি। সাতবছর আগে শেষবার বিরাট কোহলির কোনও সিরিজে এমন অবস্থা হয়েছিল। কিন্তু তারপর থেকেই বিরাটের পারফরম্যান্স গ্রাফ ছিল উর্ধ্বমুখী। কিন্তু সেই বিরাটের ব্যাটেই এখন রানের খরা।
আর এই পরিস্থিতিত বিরাটের পথ প্রদর্শক হতে পারেন একমাত্র সচিন তেন্ডুলকর। এমনটাইমনে করছেন প্রাক্তন ভারতীয় তারকা। হবে নাই বা কেন, একসময় এমন খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন মাস্টার ব্লাস্টার নিজেও। ২০০৪ সালে এমন ব্যাড প্যাচ এসেছিল সচিন তেন্ডুলকরের ব্যাটে। যদিও সেই খারাপ পরিস্থিতি কাটিয়ে ফের সাফল্যের মুখ দেখেচিলেন তিনি। বিরাটকে সেই সচিনের কাছেই যাওয়ার পরামর্শ সুনীল গাভাস্কারের।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিরাট কোহলি পেয়েছিলেন ৮ রান। দ্বিতীয় ম্যাচে চেষ্টা চালালেও মাত্র ১৮ রানেই থামতে হয়েছিল বিরাট প্রাক্তন ভারত অধিনায়ককে। আর শেষ ম্যাচে তো রানের খাতাই খুলতে পারেননি। কেরিয়ারের ৭১ তম শতরানের অপেক্ষায় এখনও রয়েছেন তিনি। একের পর এক খারাপ পারফরম্যান্সে বিরাট কোহলির গড়ও কমতে শুরু করেছে। এখন দেখার গাভাস্কারের পরামর্শ বিরাট কাজে লাগান কিনা।