তৃতীয় ওডিআইয়ে ফিরে আসতে পারেন শিখর ধাওয়ান, ইঙ্গিত দিলেন অধিনায়ক রোহিত শর্মা
শেষ ওয়ানডেতে ভারতের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন হতে পারে
আপডেট করা - Feb 10, 2022 10:43 am

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নিশ্চিত করেছেন যে অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে একাদশে থাকবেন। বেশ কিছু সতীর্থের সঙ্গে শিখর ধাওয়ান কোভিড আক্রান্ত হওয়ায় ভারতীয় দলের ‘গব্বর’ প্রথম দুটি ওয়ানডে ম্যাচ খেলতে পারেননি। ‘হিটম্যান’ আরও যোগ করেছেন যে ‘মেন ইন ব্লু’ কয়েকটি ম্যাচ হারলেও তাঁর আপত্তি থাকবে না, বরং সেই হারের বিনিময়ে তিনি নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষা করার চেষ্টা চালু রাখবেন।
২০২৩ ওডিআই বিশ্বকাপের আয়োজক হিসেবে সেই বৈশ্বিক ইভেন্টে ভারত ইতোমধ্যেই কোয়ালিফাই করে যাওয়ায় ভারতের কাছে ঝুঁকি নেওয়ার স্বাধীনতা আছে। তাই দ্বিপাক্ষিক সিরিজগুলিতে ভারত এমন কিছু পরীক্ষা করতে পারবে যাতে তারা তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে নজর দিতে পারবে। রোহিতও জানেন এই ধরণের পরীক্ষা-নিরীক্ষা করা গুরুত্বপূর্ণ, তাই তিনি বলেছেন যে ভারত দলের সেরা সমন্বয় পাওয়ার দিকে মনোনিবেশ করবে এবং সেইদিকে নজর রেখেই তারা ‘মেন ইন মেরুন’-এর বিরুদ্ধে তৃতীয় ম্যাচের আগে মাঠে নামবে।
সাম্প্রতিক সময়ে ওডিআই ফর্ম্যাটে শিখর ধাওয়ান ভালো ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন
“শিখরের পরের ম্যাচে ফিরে আসা উচিত। আমরা নতুন কিছু চেষ্টা করার সময় কয়েকটি ম্যাচ হারলেও তা নিয়ে আপত্তি করি না। কারণ দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে নজর দেওয়া জরুরি। শেষ ওডিআইয়ে টিম কম্বিনেশনের জন্য কী ভালো হতে পারে তা আমরা দেখব,” ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় ওডিআইয়ের পরে রোহিত বলেছেন।
শিখর ধাওয়ানের কথা বলতে গেলে, ওডিআই ক্রিকেটে সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন এই বাঁহাতি। তাঁর শেষ ৯টি ওয়ানডে ইনিংসে, ধাওয়ান ৫টি হাফ সেঞ্চুরি করেছেন। দিল্লীর বাঁ-হাতি ব্যাটার ভারতীয় দলের হয়ে ১৪৮টি ওডিআই ম্যাচে অংশ নিয়েছেন এবং ৪৫.৮০ গড়ে ৬২৭৪ রান সংগ্রহ করেছেন।খেলার ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের হয়ে ব্যাট হাতে ১৭টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরিও করেছেন ৩৬ বছর বয়সী।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২য় ওডিআইতে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারত। যদিও স্বাগতিকরা বোর্ডে মাত্র ২৩৭/৯ তুলতে পেরেছিল, কিন্তু রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের বোলিং বিভাগ প্রতিপক্ষকে এক ইঞ্চি জমিও ছাড়েনি।
প্রসিধ কৃষ্ণ এমন একটি স্পেল করেছিলেন যা তিনি দীর্ঘকাল মনে রাখবেন। কৃষ্ণ তাঁর ৯ ওভারে ৪ উইকেট তুলেছেন, এবং প্রতি ওভারে ১.৩৩-এর কৃপণ ইকোনমি রেটে মাত্র ১২ রান খরচ করেছেন। সম্মিলিত বোলিং প্রয়াসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৯৩ রানে অল আউট হয়ে যায়। উভয় দল ১১ই ফেব্রুয়ারি সিরিজের শেষ ওয়ানডেতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে।