এবার ওডিআই দলে যোগ করা হল শাহরুখ খানকেও
সেই সঙ্গে ঈশান কিষাণকে দলে যোগ করা আনুষ্ঠানিক ঘোষণা করেছে বিসিসিআই
আপডেট করা - Feb 5, 2022 9:00 pm

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের উদ্বোধনী ম্যাচের প্রাক্কালে ঈশান কিষাণ এবং শাহরুখ খানকে ভারতের ওডিআই দলে যোগ করা হয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে কয়েক দিন আগে শাহরুখ খানকে ডাকা হয়েছিল রবিশ্রীনিবাসন সাই কিশোরের সঙ্গে। কারণ শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড় ও স্ট্যান্ডবাই খেলোয়াড় নভদীপ সাইনি কোভিড পজিটিভ হওয়ায় ভারতের টিম ম্যানেজমেন্ট কোন ঝুঁকি নিতে চায়নি। তারা আগে থেকেই পরিবর্ত বাছাই করে রেখেছিল। এখন শাহরুখকে ওডিআইয়ের মূল স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হয়েছে।
করোনা আক্রান্ত ক্রিকেটারদের টি-২০ সিরিজেও খেলা অনিশ্চিত
যারা ভাইরাসে সংক্রামিত হয়েছিলেন তাঁদের মধ্যে সাপোর্ট স্টাফের সদস্যরাও অন্তর্ভুক্ত ছিলেন। ফিল্ডিং কোচ টি দিলীপ, নিরাপত্তা লায়াজন অফিসার বি লোকেশ এবং ম্যাসাজ থেরাপিস্ট রাজীব কুমার কোভিড আক্রান্ত হয়েছিলেন।
পরবর্তীকালে, ভারত মায়াঙ্ক আগরওয়ালকে ওডিআই স্কোয়াডে যোগ করেছিল, তবে তিনি ৬ই ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না কারণ তাঁর এখনও কোয়ারেন্টাইন পর্ব চলছে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে মনে হচ্ছে ধাওয়ান, আইয়ার ও গায়কোয়াড় তিনজনই তিনটি ওয়ানডে খেলতে পারবেন না। ১১ই ফেব্রুয়ারিতে শেষ ওয়ানডেটি খেলা হবে। সিরিজের তিনটি ম্যাচই আহমেদাবাদে হচ্ছে।
এখন দেখার বর্তমানে আহমেদাবাদে আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত খেলোয়াড়রা তিনটি টি-টোয়েন্টির আগে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন কি না। ২০ ওভারের ফর্ম্যাট শুরু হবে ১৬ই ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৮ ও ২০ ফেব্রুয়ারি ইডেনেই।
পারিবারিক কারণে তিনটি ওডিআইয়ের প্রথমটিতে কেএল রাহুলের খেলা হচ্ছে না। শোনা গিয়েছে তাঁর বোনের বিয়ে থাকায় তিনি প্রথম ম্যাচে অংশ নেবেন না। ম্যাচের আগের দিনই, রোহিত শর্মা নিশ্চিত করেছেন যে তাঁর ওপেনিং সঙ্গী হবেন ঈষান কিষাণ।
ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই তামিল নাড়ুর হয়ে দুরন্ত ফর্মে ছিলেন শাহরুখ। একাধিক খেলোয়াড়ের করোনা পজিটিভ হওয়ার পর শাহরুখের হাতে আসা সুযোগ তিনি ছাড়তে চায়বেন না। ওয়েস্ট ইন্ডীজের বিরুদ্ধে ভালো পারফর্ম করে জাতীয় দলে জায়গা পাকা করার এর চেয়ে ভালো সুযোগ তিনি আর পেতেন না।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআইয়ের জন্য ভারতের সংশোধিত দল
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেঙ্কিপার), দীপক চাহার, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আভেশ খান, ঈশান কিষাণ, শাহরুখ খান।