টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মালিক হলেন শাকিব আল হাসান

পঞ্চম বোলার হিসেবে এই কৃতিত্বের অধিকারী হলেন বাংলাদেশী তারকা

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo Source: Twitter/T20 World Cup)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের দ্বিতীয় ম্যাচে একটি অনবদ্য মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। প্রথম বাঁ-হাতি বোলার ও ক্রিকেট ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৪০০ উইকেট পাওয়ার কৃতিত্বের অর্জন করলেন শাকিব।

চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে জিতলেও দ্বিতীয় ম্যাচে মুখ থুবড়ে পড়ল ফরচুন বরিশাল। মিনিস্টার ঢাকার বিপক্ষে মাত্র ১৩০ রানের লক্ষ্য খাড়া করেছিল বরিশাল, যা দুই ওভারেরও বেশী বাকি থাকতেই জিতে যায় ঢাকা। হেরে গেলেও এই ম্যাচেই রেকর্ড বইয়ে নাম তুললেন শাকিব।

মাহমুদউল্লাহকে আউট করে ৪০০ উইকেটে পৌঁছলেন শাকিব

বিপিএলের অষ্টম সংস্করণ শুরুর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৯৮টি উইকেট ছিল শাকিবের দখলে। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১ উইকেট তুলেছিলেন তিনি। আজ ঢাকার বিপক্ষে আরেকটি উইকেট নিজের ঝুলিতে পুরে নেন। তখনই ৪০০ উইকেটের শিখরে পদার্পণ শাকিবের।

ঢাকার জেতার জন্য তখন দরকার আর মাত্র ১ রান। স্ট্রাইকে আছেন ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ। ১৮তম ওভারের দ্বিতীয় বলে মাহমুদউল্লাহ (৪৭ বলে ৪৭) শট খেলতে গিয়ে একটি সহজ ক্যাচ তুলে দেন এক্সট্রা কভারের হাতে আর তা লুফে নিতে কোন ভুল করেননি সেখানে দাঁড়ানো ফিল্ডার ডোয়েন ব্রাভো। মাহমুদউল্লাহকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে টি-টোয়েন্টিতে নিজের ৪০০ উইকেট পূর্ণ করলেন শাকিব।

৪০০ উইকেট নেওয়ার পথে শাকিব ম্যাচ খেলেছেন ৩৫৩টি, গড় ২১.১৭ এবং ইকোনমি রেট ৬.৮০। তা ছাড়া ম্যাচে ৫ উইকেট পেয়েছেন ৪ বার। সেরা বোলিং ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৬ রান দিয়ে ৬ উইকেট। টি-টোয়েন্টির মতো ব্যাটারদের সুবিধাজনক ফর্ম্যাটে এমন পরিসংখ্যান নিঃসন্দেহে ঈর্ষণীয়।

যদিও বল হাতেই নিজের কৃতিত্ব সীমিত রাখেননি তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ২০.২৫ গড়ে ৫৬১০ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রান এবং ৪০০ উইকেটের অলরাউন্ড রেকর্ড এখন আছে কেবল শাকিব এবং ব্রাভোর দখলে। চলতি বিপিএলে শাকিবের পাশেই খেলতে দেখা যাচ্ছে ব্রাভোকে।

শাকিবের আগে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন চারজন বোলার। ডোয়েন ব্রাভো, ইমরান তাহির, সুনীল নারিন এবং রশিদ খানের পর পঞ্চম বোলার হিসেবে ৪০০ উইকেটের অভিজাত তালিকায় নাম লেখালেন শাকিব।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকা

ডোয়েন ব্রাভো – ৫৫৫

ইমরান তাহির – ৪৩৫

সুনীল নারিন – ৪২৫

রশিদ খান – ৪২০

শাকিব আল হাসান – ৪০০

close whatsapp