লিগ পর্বে শীর্ষ দুইয়ে থাকাই পাখির চোখ মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সের
আপডেট করা - Jan 20, 2022 3:29 pm

মাটে নামার আগেই করোনার ধাক্কা। যদিও সেসব নিয়ে এখন ভাবছে না খুলনা টাইগার্স। মুশফিকুর রহিমদের চোখে এখন শুধু একটাই লক্ষ্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগের গ্রুপপর্বে প্রথম দুই দলের জায়গায় থাকা। আর এই লক্ষ্য নিয়েই শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করতে চলেছে খুলনা টাইগার্স। আর প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ ঢাকা। ধারেভারে একটু পিছিয়ে থাকলেও, তা নিয়ে অবশ্য ভাবছেন না মুশফিকুর।
গতবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছেছিল খুলনা টাইগার্স। কিন্তু শেষরক্ষা হয়নি। বিপিএল জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল শেষমুহূর্তে। এবারও লক্ষ্যটা চ্যাম্পিয়ন হওয়ারই। তবে তাড়াহুড়ো নয়, বরং ধাপে ধাপেই এগোতে চাইছেন তারা। গ্রুপপর্ব শেষে শীর্ষ দুইস্থানেই নিজেদের জায়গা ধরে রাখতে চায় খুলনা টাইগার্স। আর সেভাবেই চলছে তাদের প্রস্তুতিও।
গতবার দুরন্ত দল হলেও, এবার সেই চমক একটু কম রয়েছে এই শিবিরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে তাদের নিয়ে মাতামাতিও একটু কমই রয়েছে। যদিও প্রতিযোগিতায় নামার আগে এসব নিয়ে ভাবছেন না খুলনা টাইগার্সের অধিনায়ক। বরং নিজেদের আরও শক্তিশালীকরে গড়ে তুলতেই তারা এখন বদ্ধপরিকর। জোরকদমে চলছে খুলনার প্রস্তুতিও। হবে নাই বা কেন প্রথম ম্যাচেই যে তাদের সামনে রয়েছে মিনিস্টার ঢাকা।
ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন সৌম্য সরকার। শুধু তিনিই নন আরও কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও ম্যাচে নামার আগে এসব নিয়ে অবশ্য ভাবছেন না মুশফিকুর রহিম। নিজেদের লক্ষ্যে তারা একেবারে স্থির। আপাতত প্রথম দুই দলের মধ্যে নিজেদের জায়গা ধরে রখাই পাখির চোখ তাদের।
ম্যাচের মুশফিকুর জানান, “যেকোনও দলই প্রতিযোগিতা চ্যা্পিয়ন হতে চায়। আর শুরুটা হল সবচেয়ে গুরপুত্বপূর্ণ। শীর্ষ দুইয়ে থেকে যাতে লিগ পর্ব শেষ করতে পারি সেই চেষ্টাই করব। আশা করি একটা শিরোপা জিততে পারব, আর সেটা যেন এই বছরই হয়”। ঢাকার বিরুদ্ধে প্রথম একাদশ কী হতে পারে তা নিয়ে অবশ্য এখনই কোনওরকম ইঙ্গিত দিতে নারাজ বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
তিনি আরও জানান, “টি টোয়েন্টি ফর্ম্যাট সবসময়ই চ্যালেঞ্জিং। আর আমাদের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগ হল বিপিএল। বিশ্ব জুড়ে বিপিএলের একটা সুনামও রয়েছে। ভাল বিদেশী ক্রিকেটাররাও এখানে খেলতে আসেন। তাই চ্যালেঞ্জটাও যে বেশী থাকে তা তো বলাই চলে”।
একইসঙ্গে এইউ বছরই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে সরাসরি খেলার সুযোগ পেয়ে গিয়েছে বাংলাদেশ। তার আগে ঘরের মাঠে এমন প্রতিযোগিতা বিশ্বকাপের জন্য যে তাদের কাছে সবচেয়ে বড় মঞ্চ তা বলাই বাহুল্য।