বিপিএল ২০২২ঃ ঢাকার প্রথম পর্ব থেকে ছিটকে গেলেন মোর্তাজা
তিনি নিশ্চিতভাবে মিনিস্টার গ্রুপ ঢাকার প্রথম চারটি ম্যাচে খেলতে পারবেন না
আপডেট করা - Jan 19, 2022 7:22 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই বড় ধাক্কা খেল মিনিস্টার গ্রুপ ঢাকা। ঢাকাতে আয়োজিত হতে চলা প্রথম পর্ব থেকে চোটের কারণে ছিটকে গেলেন মাশরাফি বিন মোর্তাজা। মোর্তাজা এমনিতে প্রায়ই চোটে ভোগেন। হাঁটুর সমস্যা তাঁর দীর্ঘদিনের, তার জন্য অস্ত্রোপচারও করিয়েছেন। তবে এখন হাঁটু নয়, শোনা যাচ্ছে তাঁকে ভোগাচ্ছে পিঠের সমস্যা।
মাত্রাধিক ব্যথা অনুভব করার ফলে মাশরাফি স্বস্তিতে বোলিংই করতে পারছেন না। ফলে প্রথম পর্বে আর মাঠে নামা হচ্ছে না মাশরাফি। গতকাল প্র্যাকটিসে নেমেছিলেন। তবে ওয়ার্ম আপের সময়ই ব্যথা অনুভব করেন তিনি। বোলিং মার্কে বোলিং করার চেষ্টা করলেও ডেলিভারি না ছূঁড়েই মাঠ থেকে বেরিয়ে আসেন তিনি। গতকাল মাশরাফি ব্যথা অনুভব করার পর দলের ফিজিও এনামুল হক বলেছিলেন বর্ষীয়ান পেসারকে পর্যবেক্ষণে রাখা হবে বুধবার পর্যন্ত।
চট্টগ্রাম পর্বে ফিরে আসতে পারেন মোর্তাজা
তিনি বলেছিলেন, “যেহেতু মাশরাফি ব্যথা পেয়েছেন তাই বোলিং বন্ধ করে দিয়েছেন। কালকের দিনটি গেলে বোঝা যাবে কী অবস্থায় আছেন তিনি। আমরা তাঁকে পর্যবেক্ষণে রাখছি। রাতে যদি ব্যথা কমে যায় তাহলে তিনি বোলিংয়ে ফিরতেও পারেন।”
ব্যথা তো তাঁর কমেইনি, সেই সাথে যুক্ত হয়েছে হ্যামস্ট্রিংয়ের চোট। মেডিক্যাল টিমের সংশয় সত্যি করে দিয়ে বেশ কিছু ম্যাচের জন্য ছিটকে গেলেন মোর্তাজা। শোনা যাচ্ছে ঢাকা পর্বের ম্যাচগুলোতে খেলবেন না মাশরাফি।
২১শে জানুয়ারি ঢাকায় শুরু হবে বিপিএলের অষ্টম সংস্করণ। ঢাকায় প্রথম পর্যায়ে মিনিস্টার ঢাকার চারটি ম্যাচ নির্ধারিত হয়ে আছে। প্রথম দিনেই মিনিস্টার ঢাকা তাদের অভিযান শুরু করবে খুলনা টাইগার্সের বিরুদ্ধে। প্রথম পর্বের পরের তিন ম্যাচে মিনিস্টার ঢাকার প্রতিপক্ষ যথাক্রমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্স। মাশরাফিকে ছাড়াই মিনিস্টার গ্রুপ ঢাকা নামবে এই ম্যাচগুলিতে নামবে তা এখনই নিশ্চিতভাবে বলে দেওয়া যায়।
বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে ২৮শে জানুয়ারি। সেই পর্ব শুরু হতে এখনও ৯ দিন বাকি আছে। এখন দেখার এই সময়ের মধ্যে মাশরাফি সুস্থ হয়ে উঠে চট্টগ্রাম পর্ব থেকে ঢাকার হয়ে খেলতে নামতে পারেন কি না। চট্টগ্রামে মিনিস্টার ঢাকার প্রথম ম্যাচ ২৮শে জানুয়ারি সিলেট সানরাইজার্সের বিপক্ষে।
মাশরাফি সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২০ সালের ১৮ই ডিসেম্বর, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে জেমকন খুলনার হয়ে চট্টগ্রামের বিপক্ষে।