কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক নির্বাচিত হলেন ইমরুল কায়েস
২০১৯-এ ইমরুলের নেতৃত্বেই বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা
আপডেট করা - Jan 19, 2022 3:29 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম সংস্করণে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক হিসেবে নিযুক্ত করল ইমরুল কায়েসকে। ২০১৯ সালে ইমরুলের নেতৃত্বেই শিরোপা জিতেছিল কুমিল্লা। শিরোপাজয়ী অধিনায়ককে পুনরায় বহাল করারই সিদ্ধান্ত নিল কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি। তাঁর অধীনে ফাফ ডু প্লেসি, মইন আলি, সুনীল নারিনদের মতো টি-টোয়েন্টির বর্ষীয়ান ক্রিকেটাররা খেলবেন।
কুমিল্লার মিডিয়া ম্যানেজার ইমরুলের অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কাগজে কলমে ধার অ ভারের দিক দিয়ে এবারের আসরে সবচেয়ে শক্তিশালী দল কুমিল্লা। দুইবারের শিরোপাজয়ী দলটি ড্রাফটের আগে থেকেই দল গুছিয়ে নিতে তৎপর ছিল। ড্রাফটের আগেই তারা মুস্তাফিজুর রহমানের মতো পেসারকে দলে অন্তর্ভুক্ত করেছিল।
ইমরুল এমন একজন যার ওপর আপনি আস্থা রাখতে পারেন: টেকনিক্যাল পরামর্শদাতা স্টিভ রোডস
ইমরুল সম্পর্কে প্রশংসা শোনা গেছে দলের টেকনিক্যাল পরামর্শদাতা স্টিভ রোডসের মুখে। তাঁর মতে ইমরুলের অভিজ্ঞতা শক্তি বৃদ্ধি করবে কুমিল্লার। তিনি বলেছেন, “ইমরুল একজন অভিজ্ঞ ক্রিকেটার। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি। ইমরুল কায়েস এমন একজন যার ওপর আপনি আস্থা রাখতে পারেন। ১০০ বা ২০০ আন্তর্জাতিক ম্যাচ হয়তো তিনি খেলেননি, কিন্তু তাঁর যা অভিজ্ঞত আছে তা যথেষ্ট।”
নামী বিদেশীদের পাশাপাশি বেশ কিছু উল্লেখযোগ্য দেশীয় ক্রিকেটারদের দলে নিয়েছে ভিক্টোরিয়ান্স। তাদের মধ্যে লিটন দাস, মোমিনুল হক, মেহেদী হাসানদের নাম আলাদা করে বলতেই হয়। এ ছাড়া কুমিল্লার স্কোয়াডে আছেন তানভীর ইসলাম, আরিফুল হক, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন ও আবু হায়দার রনির মতো ক্রিকেটাররা, যাঁরা আগে দেশের হয়ে খেলেছেন বা ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার ক্ষমতা রাখেন।
স্কোয়াডের শক্তি সম্বন্ধে রোডস বলেছেন, “আমাদের কাছে বেশ ভালো কয়েকজন বিদেশী ক্রিকেটার আছেন, বাংলাদেশের খুবই প্রতিভাশালী কয়েকজন তরুণ খেলোয়াড় আছেন যারা পরবর্তী প্রজন্মের মুখ। মোমিনুল, ইমরুল, রনির মত ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে।”
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সম্পূর্ণ স্কোয়াড – মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, সুনীল নারিন, মইন আলি, লিটন দাস, শহীদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভির ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, কুসাল মেন্ডিস, ওশেন টমাস, মাহমুদুল হাসান, সুমন খান, মোমিনুল হক, মাহিদুল ইসলাম, পারভেজ হোসেন, আবু হায়দার ও মেহেদী হাসান।