“আশা করি আমার সতীর্থরা চ্যালেঞ্জটা নেবে” – ঢাকার হয়ে বিপিএল জেতার ব্যাপারে আশাবাদী মাহমুদউল্লাহ

ঢাকা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ

Mahmudullah Riyad
Mahmudullah Riyad. (Photo by Munir uz zaman / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের সংস্করণে বেশ শক্তিশালী দল গড়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রধান তিন মহীরুহ তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তাজা ও মাহমুদউল্লাহ রিয়াদ দলে আছেন। এই তিন তারকার পাশাপাশি বেশ কিছু বিদেশী তারকাও দলকে সমৃদ্ধ করবেন।

বিপিএলের ড্রাফটের পর দলে এতো তারকার সমাবেশ থাকায় প্রশ্ন উঠেছিল কে হবেন এই দলটির নেতৃত্বের অধিকারী। সমস্ত কৌতূহল ও জল্পনার শেষে ঢাকার এই ফ্র্যাঞ্চাইজি মাহমুদউল্লাহ রিয়াদকেই বেছে নিয়েছে অধিনায়ক হিসেবে। এখন বিপিএলের ইতিহাসের অন্যতম সফল অধিনায়কের নেতৃত্বাধীনে খেলতে দেখা যাবে তামিম-মাশরাফিদের। দলটিতে এই তারকারা ছাড়াও আছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম ও শুভাগত হোমের মতো ক্রিকেটাররা যাঁরা কোন না কোন সময়ে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন।

মাহমুদউল্লাহ জানিয়েছেন ঢাকার হয়ে খেলতে পেরে তাঁর ইচ্ছা পূরণ হয়েছে

দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাহমুদউল্লাহকে প্রশ্ন করা হয়েছিল এই তারকা সমৃদ্ধ দলকে নেতৃত্ব দিতে তিনি চাপ অনুভব করবেন কিনা। মাহমুদউল্লাহ উত্তরে বলেছেন, “না না, কোনো চাপ নেই। আমার কোনো চাপ নেই। আমি এরকম দল পেয়ে খুবই খুশি হয়েছি। আমাদের দলের সবচেয়ে ইতিবাচক দিক হলো যে অভিজ্ঞ ক্রিকেটারের অভাব নেই। পাশাপাশি বেশ কিছু ম্যাচ উইনারও আছেন। এসব গুরুত্বপূর্ণ, তবে দিনশেষে দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। দল হিসেবে ভালো খেলতে পারলে আমরা ভালো কিছু অর্জন করতে পারব।”

এর আগে বিপিএলের সাতটি সংস্করণের প্রত্যেকটিতে খেলেছেন মাহমুদউল্লাহ। যদিও কখনওই তাঁকে ঢাকার হয়ে খেলতে দেখা যায়নি। বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন তাঁর বরাবরের ইচ্ছা ছিল ঢাকার হয়ে খেলার। এবার সেই ইচ্ছে পূরণ হওয়াই খুশি তিনি।

মাহমুদউল্লাহ বলেছেন, “এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। সবচেয়ে বড় কথা হলো বিপিএলে আমি সবসময়ই ঢাকায় খেলতে চেয়েছি। সেই সুযোগ এবার পেয়েছি। আরও উল্লেখযোগ্য ব্যাপার হলো, তামিম, আমি, রুবেল, মাশরাফি ভাই – আমরা একসঙ্গে খেলছি। এই চারজন সম্ভবত প্রথমবার একসঙ্গে খেলছি। মাঠের বাইরে আমাদের ভালো সময় কাটবে। আশা করি মাঠেও ভালো কিছু করে দেখাবো।”

এবারের আসরে ঢাকা দল নিয়ে বেশ আশাবাদী মাহমুদউল্লাহ। তারকায় ভরা দলের কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশী থাকবে, জানেন মাহমুদউল্লাহ। তিনি আশা করছেন তাঁর সতীর্থরা এই চ্যালেঞ্জটির মোকাবিলা করবেন।

তিনি বলেন, “একটা ব্যাপার ঠিক যে এই টুর্নামেন্টে অনেক কিছুই দেখাতে হবে। আশা করি আমার সতীর্থরা সেই চ্যালেঞ্জটা নেবে এবং ভালো করবে। ফলাফল ঈশ্বরের হাতে, তবে প্রক্রিয়া আমাদের হাতে রয়েছে। প্রক্রিয়া মেনে চললে আশা করি ফলও আমাদের পক্ষে থাকবে।”

close whatsapp