বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ টিম প্রিভিউঃ ফরচুন বরিশাল

ব্রাভো, গেইল, শাকিবের মতো একঝাঁক টি-টোয়েন্টি বর্ষীয়ান থাকায় বরিশাল শিরোপার অন্যতম বড় দাবিদার

Fortune Barishal
Fortune Barishal. (Photo by Zabed Hasnain Chowdhury/SOPA Images/LightRocket via Getty Images)

২০১৭ থেকে ২০২০ অবধি, বিগত কয়েক বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেওয়া থেকে এই দল দূরে ছিল। এই বছর বেশ কিছু বড় নাম তাদের সাথে যুক্ত হওয়ায় বিপিএলে তাদের পুনর্প্রবেশ সাফল্যমণ্ডিত হওয়ার ভালোই সম্ভাবনা আছে। ফরচুন বরিশাল নামে এর আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে একটি দল ছিল। একই প্রতিষ্ঠান এবার ফ্র্যাঞ্চাইজির মালিকানার স্বত্ত্বাধিকার লাভ করে একই নামে অংশ নিচ্ছে বিপিএলে।

প্লেয়ার্স ড্রাফটের আগেই তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের পরিষেবা নিশ্চিত করেছিল বরিশাল। সরাসরি খেলোয়াড় সই করানোর প্রক্রিয়ার মাধ্যমে তারা দলে নিয়েছিল আফগানিস্তানের মুজিব উর রহমান, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শ্রীলঙ্কার দানুশকা গুনাথিলাকাকে। যদিও শ্রীলঙ্কা বোর্ডের থেকে এনওসি জোগাড় করতে না পারায় খেলতে পারবেন না তিনি।

প্লেয়ার্স ড্রাফটে দলটি বেশ কিছু উদীয়মান এবং অভিজ্ঞ জাতীয় তারকাকে দলের সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসানের মতো তারকারা। এছাড়াও বরিশাল ঘরোয়া ক্রিকেটের দিকে নজর রেখে দলে স্থান দেওয়ার জন্য বেশ কিছু অপরিচিত নামকেও সই করিয়েছে যারা বিপিএলে পারফর্ম করে তারকা হয়ে ওঠার যোগ্যতা রাখেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, সানজামুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর প্রমুখ।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে প্লেয়ার্স ড্রাফটে স্কোয়াডে ডাক পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওবেদ ম্যাককয় ও আলজারি জোসেফ এবং শ্রীলঙ্কার নিরোশান ডিকওয়েল্লা। ম্যাককয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মূল স্কোয়াডে ছিলেন, যদিও চোটের জন্য পরে ছিটকে যান।

ড্রাফটের পর বরিশাল যে তিন ক্রিকেটারকে নিয়েছে তাঁদের মধ্যে সবচেয়ে বড় নাম ডোয়েইন ব্রাভো। যেহেতু গুনাথিলাকা বোর্ডের থেকে এনওসি না পাওয়ায় খেলতে পারবেন না তাই তাঁর জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ ব্রাভোকে। এছাড়া ঘরোয়া লিগে বিস্ফোরক ব্যাটিং করে নজর কাড়া মুনিম শাহরিয়ারকে ড্রাফটের পর দলভুক্ত করে বরিশাল। সর্বশেষ খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে ইংল্যান্ডের চায়নাম্যান বোলার জ্যাকব লিনটটকে। তিনি উদ্বোধনী দ্য হান্ড্রেডে ভালো খেলেছিলেন।

প্লেয়ার্স ড্রাফটে ফরচুন বরিশাল ছিল সবচেয়ে বেশী ব্যয় করা দল। শুধু ড্রাফটে খেলোয়াড় কিনতেই দলটি খরচ করেছে ৪ কোটি ২৮ লাখ টাকা। ২১শে জানুয়ারি উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়ে বিপিএলে নিজেদের অভিযান শুরু করবে ফরচুন বরিশাল।

ফরচুন বরিশাল স্কোয়াড

সরাসরি চুক্তি

শাকিব আল হাসান, মুজিব উর রহমান (আফগানিস্তান) ও ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।

ড্রাফট থেকে

কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নিরোশান ডিকওয়েলা (শ্রীলঙ্কা), নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর ও সানজামুল ইসলাম।

ড্রাফটের পর 

ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), মুনিম শাহরিয়ার ও জেকব লিনটট (ইংল্যান্ড)।

শক্তি

শাকিব, গেইল, ব্রাভোর মতো টি-টোয়েন্টির বর্ষীয়ানদের নিয়ে দলটি বোঝাই করা হয়েছে। এঁরা যেদিন খেলে দেবেন সেদিন বরিশাল অপ্রতিরোধ্য হয়ে উঠবে। তৌহিদ হৃদয়ের মতো তরুণ ক্রিকেটার গেইলের সংস্পর্শে থাকায় নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন।

দুর্বলতা

দলে উইকেট নেওয়ার মতো বোলারের অভাব। বিদেশী বোলারদের অধিকাংশই বাংলাদেশের পিচে অনভিজ্ঞ হওয়ায় অনেক কিছুই নির্ভর করবে মেহেদি হাসান রানার মতো ঘরোয়া বোলাররা কেমন করেন তার উপর। যদি তাঁরাও কার্যকর না হতে পারেন তা হলে বরিশালকে ভুগতে হবে।

এক্স ফ্যাক্টর

জেকব লিনটট চায়নাম্যান হওয়ায় তাঁর বোলিংয়ের অনন্যতার কারণে তাঁর দিকে নজর থাকবে। দ্য হান্ড্রেডের ফর্ম বিপিএলেও দেখা গেলে বিস্ময় হবে না।

close whatsapp