বিপিএলে ফের হার, নিজেদের পারফরম্যান্সকেই দুষছেন তামিম
আপডেট করা - Jan 25, 2022 6:55 pm

একের পর এক ব্যর্থতা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চার ম্যাচ খেলা হয়ে গিয়েছে, তার মধ্যে মাত্র ১টি ম্যাচ জিততে পেরেছে মিনিস্টার ঢাকা। মঙ্গলবার সিলেট সানরাইজার্সের কাছেও হারতে হয়েছে তাদের। এরপরই আর মুখ বন্ধ করে থাকতে পারেননি দলের অধিনায়ক তামিম ইকবাল। সরাসরি দলের ব্যাটিং পারফরম্যান্সের দিকে অভিযোগ তুললেন তিনি। পিচ অথবা অন্য কোনও অজুহাত তিনি দিতে চাননি, তাদের দলের খারাপ ব্যাটিংয়ের জন্যই এমন অবস্থা দলের, হারের পরই মেনে নিলেন তামিম ইকবাল।
মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিরুদ্ধে নেমেছিল মিনিস্টার ঢাকা। ধারেভারে এগিয়ে থেকেই নেমেছিল তারা। এবারের লিগে অন্যতম শক্তিশালী দল হিসাবে ধরা হচ্ছে মিনিস্টার ঢাকাকে। কিন্তু সেই ঢাকাই এখনও পর্যন্ত চুড়ান্ত ব্যর্থ। সিলেটের বিরুদ্ধে কোনওরকমে ১০০ রান করতে পেরেছিল তারা। যা প্রতিপক্ষ দল ১৭ ওভারেই তুলে দেয়। আর এই সবকিছু যে ব্যাটিং ব্যর্থতার জন্যই হচ্ছে তা মানতে কোনও দ্বিধা নেই তামিম ইকবালের।
ম্যাচ শেষে হারের দায় নিয়ে কথা বলার সময় তামিম জানান, “আমরা ভাল ক্রিকেট খেলতে পারছি না, এটাই হারের জন্য যথেষ্ট কারণ। গতম্যাচে আমরা জিতেছি ঠিকই কিন্তু সেটা কোনওরকমে জিততে পেরেছিলাম। চার ম্যাচের মধ্যে একটি মাত্র জিততে পেরেছি। তবে যে ম্যাচে জিতেছি, সেখানে বোলিং ভাল হয়েছিল, ব্যাটিং ভালভাবে করতে পারিনি আমরা”।
দলের পারফরম্যান্সে যে তামিম ইকবাল একেবারেই সন্তুষ্ট হতে পারছেন না তা বেশ স্পষ্ট। ম্যাচ শেষে তাঁর গলা থেকে এদিন উঠে আসে শুধুই যেন অভিযোগের সুর। ক্ষুব্ধ তামিম আরও বলেন, “এটা সত্যি যে অন্য খেলাগুলোয় বোধহয় উইকেট একটি কঠিন ছিল। কিন্তু এদিনের ম্যাচে উইকেট যথেষ্ট ভাল ছিল। আমরা খেলতে পারিনিষ। অন্তত ১০০ রানে অল আউট হওয়ার মতো উইকেট ছিল না”।
গত ম্যাচেও মিনিস্টার ঢাকার ব্যাটিংয়ে ধস নামতে দেখা গিয়েছিল। এদিনও তার অন্যথা হয়নি। এবারের লিগে অন্যতম দুর্বল দল হল সিলেট সানরাইজার্স। সেই সিলেটের বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পায় মিনিস্টার ঢাকা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। বরং তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মিনিস্টাক ঢাকার ব্যাটিং লাইনআপ।
সেই প্রসঙ্গেই তামিম বলেন, “আমরা ভাল ক্রিকেট খেলতে পারছি না। এখানে উইকেট কিংবা অন্য কোনও কিছুর দোষ দিয়ে লাভ নেই। এদিনের উইকেট যথেষ্ট ভালই ছিল। আমরাই ভাল ব্যাট করতে পারিনি”। ব্যাট হাতে ঢাকার ব্যাটাররা এখনও পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেনি। পরপর চার ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ মিনিস্টার ঢাকার টপ অর্ডারও। তাদের পারফরম্যান্সেও যে তামিম ইকবাল খুশি নন, তাও বেশ স্পষ্ট।