জোড়া সেঞ্চুরির পুরস্কার, হেড ফিরে আসলেও জায়গা ধরে রাখলেন খোয়াজা
পঞ্চম টেস্ট থেকে বাদ ওপেনার মার্কাস হ্যারিস
আপডেট করা - Jan 13, 2022 10:48 am

কোভিড আক্রান্ত ট্র্যাভিস হেড সুস্থ হয়ে ফিরে এলে কাকে বাদ যেতে হবে সেই নিয়ে বিগত কয়েক দিন ধরে জল্পনা চলছিল। আগামীকাল ১৪ই জানুয়ারি শুক্রবার ম্যাচ শুরু হওয়ার একদিন আগে আহ বৃহস্পতিবার সেই নিয়ে নিশ্চয়তা পাওয়া গেল। হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের শেষ টেস্টে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ওপেনার মার্কাস হ্যারিসকে বাদ দেওয়া হবে এবং সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার জাতীয় দলে আড়াই বছর পর প্রত্যাবর্তন হওয়া উসমান খোয়াজা অস্ট্রেলিয়ান দলে তাঁর জায়গা ধরে রেখেছেন।
cricket.com.au-এর একটি প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করেছেন যে খোয়াজা ইনিংস ওপেন করবেন ডেভিড ওয়ার্নারের সঙ্গে। সিডনিতে চতুর্থ টেস্টের আগে হেড কোভিড-১৯ পজিটিভ পরীক্ষিত হয়েছিলেন এবং সাত দিনের জন্য আইসোলেশনে রাখা হয়েছিল তাঁকে।
খোয়াজা সিডনি টেস্টে দক্ষিণ অস্ট্রেলিয়ান ব্যাটারের জায়গায় আসেন এবং প্রথম ইনিংসে ১৩৭ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০১ রান করে তাৎপর্যপূর্ণভাবে নিজের প্রত্যাবর্তন সূচিত করেন। তিনি ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন।
চার ইনিংসে ২৪৮ রান করে হেড চতুর্থ টেস্টের আগে চলমান অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টে ২৮ বছর বয়সী হেড ১৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
অস্ট্রেলিয়া এখনও তাদের পেস বোলিং বিভাগ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি
হোবার্ট টেস্টে হেড ও খোয়াজা, দুজনের একজনকে বেছে নেওয়ার ব্যাপারে নির্বাচকদের সামনে একটি দ্বিধা ছিল। অস্ট্রেলিয়া থিঙ্ক-ট্যাঙ্ক যদিও বিচক্ষণতার পরিচয় দিয়ে ২০২১-২২ অ্যাশেজের শেষ টেস্টের জন্য উভয় খেলোয়াড়কে দলে নিয়েছে।
অন্যদিকে, বাদ যাওয়া হ্যারিস চলতি অ্যাশেজে সাত ইনিংসে ২৯.৮৩ গড়ে ১৭৯ রান করেছেন এবং ওপেনিংয়ে তাঁর রানের খরা টিম ম্যানেজমেন্টকে বাধ্য করেছে তাঁকে বাদ দিয়ে বিকল্প সন্ধান করতে। এখন দেখার মিডল অর্ডারে নেমে জোড়া সেঞ্চুরি করা খোয়াজা ওপেনিংয়ে ফিরে কেমন পারফর্ম করেন।
যদিও অস্ট্রেলিয়া এখনও তাদের পেস বোলিং ইউনিট কী হবে সেই নিয়ে কোন নিশ্চয়তা দেয়নি। একটি রিপোর্টে বলা হয়েছে যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) চতুর্থ টেস্টে বোলিং করার সময় স্কট বোল্যান্ড ব্যথা পেয়েছিলেন। অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার আগেই নিশ্চিত করেছিলেন যে ব্রিসবেন টেস্টের সময় সাইড স্ট্রেন সহ্য করা জশ হ্যাজলউড সিরিজ থেকে বাদ পড়েছেন।
মেলবোর্নে তাঁর হোম গ্রাউন্ডে দুর্দান্ত টেস্ট অভিষেক হওয়া বোল্যান্ড, মাত্র দুটি ম্যাচ খেলে ৮.৬৪ গড়ে ১৪টি উইকেট শিকার করেছেন। এমসিজি টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ৬৮ রানে গুটিয়ে যাওয়ার পিছনে তাঁর সাত রানে ছয় উইকেটের একটি শ্বাসরুদ্ধকর স্পেল ছিল।
অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থেকে অ্যাশেজ ধরে রেখেছে।