কামব্যাকেই শতরান খোয়াজার, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
আপডেট করা - Jan 6, 2022 1:54 pm

দীর্ঘ ১৬ মাস পর অস্ট্রেলিয়া দলে প্রত্যাবর্তন উসমান খোয়াজার। আর সিডনির মঞ্চে অজি শিবিরের নায়কের নামও এখন তাঁরই। ব্রিটিশদির বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং। যেন এক রাজকীয় কামব্যাক। অ্যাসেজের মঞ্চে ফিরেই শতরান। আর তাঁর হাত ধরেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে তালকের আসনে অস্ট্রেলিয়া। রানের পাহাড়ে ব্যাগি গ্রীনরা। ব্রিটিশ বাহিনীকে বিধ্বস্ত করার দায়িত্ব এবার বোলারদের কাঁধে।
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন। সেদিন খানিকটা পিছিয়ে থেকেই থামতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। ব্রড, উডদের দাপটে প্রথম দিনটা অ্যাডভান্টেজে থেকেই শেষ করেছিল ইংল্যান্ড। ১২৬ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়েছিল ব্রিটিশ বোলাররা। দ্বিতীয় দিনের শুরু থেকেই ব্রিটিশদের কৌশল ছিল অজিদের ওপর চাপ বাড়ানো। আর সেই লক্ষ্যে ইংল্যান্ডের প্রধান অস্ত্র ছিলেন চতুর্থ টেস্টে দলে ফেরা স্টুয়ার্ট ব্রড।
কিন্তু উসমান খোয়াজার চওড়া ব্যাটে এদিন ইংল্যান্ডের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। নানান সমালোচনা, দীর্ঘদিন ধরে চলা তাঁর পারফরম্যান্স নিয়ে চলেছে বহু কথা। সবই মুখ বুজে সয়ে নিয়েছিলেন এই তারকা ব্যাটসম্যান। অপেক্ষায় ছিলেন একটা সুযোগের। আর সিডনিতেই সেই সুযোগটা পেলেন উসমান খোয়াজা। যেটা কাজে লাগাতে এতটুকু ভুল করেননি অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান।
দীর্ঘ ১৬ মাস পর অস্ট্রেলিয়া শিবিরে ফিরেই শতরান উসমান খোয়াজার
সিরিজ অস্ট্রেলিয়া আগেই জিতে নিয়েছে। এখন তাদের লক্ষ্য ঘরের মাঠে টির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা। আর ব্রিটিশরা মান বাঁচিয়ে শেষ দু ম্যাচ জিতে অস্ট্রেলিয়া ছাড়তে চান। সেই লড়াইয়ে দ্বিতীয় দিনের শেষে খানিকটা হলেও এগিয়ে অস্ট্রেলিয়াই। আর তার পুরো সৌজন্যটাই উসমান খোয়াজার।
দ্বিতীয় দিন অজিদের চাপমুক্ত রাখার খেলাটা শুরু করেন স্টিভ স্মিথ এবং উসমান খোয়াজা। আর সেই পার্টনারশিপটাই অস্ট্রেলিয়ার বড় রানের লক্ষ্যের ভিতটা মজবুত করে দিয়েছিল। খোয়াজার সঙ্গে ১১৫ রানের পার্টনারশিপ গড়ার পরই সাজঘরে ফিরতে হয় প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ককে। স্টিভ স্মিথ আউট হন ৬৭ রানে। এরপর থেকে অস্ট্রেলিয়ার রান একাই নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নেন খোয়াজা।
তিনি না থাকলে হয়ত অস্ট্রেলিয়া এদিন ৩০০ রানের গন্ডীও টপকাতে পারত না। ক্যামেরন গ্রীন, অ্য়ালেক্স ক্যারি-রা কেউই খোয়াজাকে যোগ্য সঙ্গত দিতে পারেননি। কিন্তু মাটি কামড়ে পড়েছিলেন উসমান খোয়াজা। অবশেষে ইংল্যান্ডের বোলারদের সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করে কামব্যাকের মঞ্চে সেঞ্চুরিটা ছিনিয়ে নেন এই তারকা ব্যাটসম্যান।
আর গ্যালারীতে থাকা তাঁর পরিবারের উচ্ছ্বাসও ছিল দেখার মতো। উসমান খোয়াজার ২৬০ বলে ১৩৭ রানের ইনিংসটি সাজানো ১৩টি বাউন্ডারি দিয়ে। গড় ৫২.৬৯। আর তাতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের রাশ চলে আসে অস্ট্রেলিয়ার দখলে। তিনি যখন ফেরেন তখন অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ৩৯৮। বাকিটা সামাল দিয়ে দেন প্যাট কামিন্স ও ন্যাথান লিয়ন। ৪১৬ রানেই ইনিংস ঘোষণা করেন অজি অধিনায়ক। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ১৩।