মার্ক উডকে পিছনে ফেলে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দলে জায়গা করে নিলেন জশ টং

Josh Tongue
Josh Tongue. (Photo Source: Twitter)

২৮ শে জুন, বুধবার থেকে লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যেই দ্বিতীয় টেস্ট ম্যাচটির জন্য দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। প্ৰথম ম্যাচটি চলাকালীন আঙুলে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলি। তিনি দ্বিতীয় ম্যাচে খেলবেন না।

মঈন আলি যে চোটের কারণে দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন সেই কথাটি প্রথম টেস্টটি শেষ হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল। অনেকেই ভেবেছিলেন যে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার মার্ক উড অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে প্ৰথম একাদশে মঈন আলির পরিবর্তে জায়গা করে নেবেন। কিন্তু শেষমেশ তা হল না। তরুণ পেসার জশ টং মঈন আলির পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন।

লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন জশ টং। তিনি সেই ম্যাচটিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৬ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তার দলে জায়গা পাওয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের জন্য দলে এই একটিমাত্র পরিবর্তনই করেছে। প্ৰথম টেস্টটিতে বল হাতে খুব একটা সফল হতে পারেননি ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। দুটি ইনিংস মিলিয়ে মাত্র ১টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন তিনি। কিন্তু তবুও তার প্রতি ভরসা হারায়নি বেন স্টোকসের নেতৃত্বাধীন দল এবং তাকে দ্বিতীয় টেস্টের জন্য প্ৰথম একাদশে রাখা হয়েছে।

দ্বিতীয় টেস্টেও বল হাতে দেখা যাবে জো রুটকে

প্ৰথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের প্রধান স্পিনার মঈন আলি চোটের কারণে যখন বল করতে পারছিলেন না তখন স্পিনারের ভূমিকা পালন করেছিলেন জো রুট। প্ৰথম ইনিংসেও তিনি কয়েকটি ওভার বল করেছিলেন তবে সেটা প্রধান স্পিনার হিসেবে নয়। দ্বিতীয় ইনিংসে তিনি একটি উইকেটও পেয়েছিলেন। তিনি অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স কেরিকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিলেন। দ্বিতীয় টেস্ট ম্যাচে মঈন আলির অনুপস্থিতিতে তাকেই প্রধান স্পিনার হিসেবে খেলতে দেখা যাবে।

অন্যদিকে, মার্ক উডকে সুযোগ না দিয়ে জশ টংকে খেলানোর যে সিদ্ধান্ত ইংল্যান্ড নিয়েছে সেটি সঠিক প্রমাণিত হয় কিনা তা দেখার বিষয় হবে। এছাড়াও জেমস অ্যান্ডারসনের পারফরম্যান্সের দিকেও সকলের নজর থাকবে।

লর্ডস টেস্টের জন্য ইংল্যান্ডের প্ৰথম একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, অলি রবিনসন, জশ টং, জেমস অ্যান্ডারসন।

close whatsapp