চোটের কারণে ওডিআই বিশ্বকাপ ২০২৩ থেকে ছিটকে গেলেন দাসুন শানাকা, বদলি হিসেবে দলে জায়গা পেলেন চামিকা করুণারত্নে
আপডেট করা - Oct 14, 2023 10:59 pm

একটি অনেক বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। ওডিআই বিশ্বকাপ ২০২৩ থেকে ছিটকে গেলেন অধিনায়ক দাসুন শানাকা। ১০ই অক্টোবর, পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময়ে ডান পায়ের উরুর পেশীতে তিনি আঘাত পেয়েছিলেন। এই চোটের কারণেই এবারের ওডিআই বিশ্বকাপে তিনি আর খেলতে পারবেন না।
দাসুন শানাকার বদলি হিসেবে শ্রীলঙ্কা দলে জায়গা করে নিয়েছেন চামিকা করুণারত্নে। তিনি এখনও পর্যন্ত ২৩টি ওডিআই খেলেছেন। এই ফরম্যাটে তিনি ৪৪৩ রান করেছেন এবং ২৪টি উইকেট শিকার করেছেন। তার ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ২৭.৬৯ এবং ৮০.৯৯। অন্যদিকে, তার বোলিংয়ের গড় এবং ইকোনমি রেট হল যথাক্রমে ২৮.৮৩ এবং ৫.৭৩।
দাসুন শানাকা এইবারের ওডিআই বিশ্বকাপে ২টি ম্যাচ খেলে ৮০ রান করতে সক্ষম হয়েছেন। তিনি বল হাতে কোনো উইকেট নিতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ৬২ বলে ৬৮ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। এই ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক ৬ ওভারে ৩৬ রান দিয়েছিলেন। এরপর, পাকিস্তানের বিরুদ্ধে তিনি ব্যাট হাতে ১৮ বলে মাত্র ১২ রান করেছিলেন এবং বল হাতে ৫ ওভারে ২৮ রান দিয়েছিলেন।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি শ্রীলঙ্কা
এবারের ওডিআই বিশ্বকাপে এখনও অবধি খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি শ্রীলঙ্কা। তারা এই টুর্নামেন্টে তাদের প্ৰথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে পরাজিত হয়েছিল। এই ম্যাচে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৫ উইকেটে ৪২৮ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে ৪৪.৫ ওভারে ৩২৬ রানে অলআউট হয়ে গিয়েছিল দাসুন শানাকার নেতৃত্বাধীন দল।
এরপর, বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। এই ম্যাচটিতে প্ৰথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪৪ রানে পৌঁছেছিল শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা যথাক্রমে ৭৭ বলে ১২২ রান এবং ৮৯ বলে ১০৮ রান করেছিলেন। পাকিস্তান ১০ বল বাকি থাকতেই ৪ উইকেটে ৩৪৫ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল। মহম্মদ রিজওয়ান এবং আবদুল্লাহ শফিক যথাক্রমে ১২১ বলে অপরাজিত ১৩১ রান এবং ১০৩ বলে ১১৩ রান করেছিলেন।
১৬ই অক্টোবর, সোমবার, অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচটিতে শ্রীলঙ্কা জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।