“এমন ভুল করছে যা আগে কখনো করত না” – বিরাট কোহলির ধারাবাহিক ব্যর্থতা প্রসঙ্গে আকাশ চোপড়া
বিরাটের আউট হওয়ার ধরণ দেখে উদ্বিগ্ন তিনি
আপডেট করা - Dec 30, 2021 11:30 am

আকাশ চোপড়ার মনে হচ্ছে যে ২০১৪ সালের বিপর্যয়কর ইংল্যান্ড সফরের পরে বিরাট কোহলি যে সমস্যাগুলির দিকে নজর দিয়ে তার সমাধান বার করে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন, সেই সমস্যাগুলি আবার ফিরে এসেছে। দুই বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সেঞ্চুরি করেননি কোহলি। টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে তাঁকে হতাশাজনক ২০২১ সহ্য করতে হয়েছে। এই বছর ১১টি টেস্টে ২৮.২১-এর নিম্নমানের গড়ে মাত্র ৫৩৬ রান কোহলির ধারাবাহিক ব্যর্থতা প্রকট করেছে।
তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা একটি ভিডিওতে, আকাশ চোপড়া বিরাট কোহলির ব্যাটিংয়ে উদ্বেগের সবচেয়ে বড় জায়গাটি সম্বন্ধে আলোকপাত করেছেন। তিনি বলেছেন, “সে [কোহলি] যেভাবে ওয়াইড ডেলিভারিতে আউট হচ্ছে, ড্রাইভ খেলে যতবার আউট হচ্ছে, ২০১৪ সালেও তাই হচ্ছিল। এখন তার সঙ্গে আবারও তাই হচ্ছে। মাঝে মাঝে সে এমন ভুল করছে যা সে কখনো করত না।”
কোহলির ধারাবাহিক ব্যর্থতা রুখতে কী করা উচিত, সেই সমাধান বাতলেছেন আকাশ চোপড়া
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিশ্লেষণ করেছেন যে বিরাট কোহলির স্কোরিং শট কভার ড্রাইভই সাম্প্রতিক সময়ে তাঁর পতন ডেকে আনছে। চোপড়া বিস্তারিত বলেছেন, “স্যাম কারান, ঙ্গিডি, প্যাট কামিন্স, অ্যান্ডারসন, মার্কো জ্যানসেন – সবাই তাকে আউট করেছে। আমি তাকে এভাবে এতবার ড্রাইভে আউট হতে দেখিনি। তাই সমস্যা আছে। আগে খুব ভালো কভার ড্রাইভ খেলত। আগে এটা খুব সুন্দর দেখাত, এখন এটি একটি সমস্যা।”
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান বক্সিং ডে টেস্টে কোহলি তাঁর দুই ইনিংসে ৫৩ রান করেন। উভয় ইনিংসেই, তিনি ফুল ও ওয়াইড ডেলিভারি তাড়া করে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছেন।
আকাশ চোপড়া মনে করেন বিরাট কোহলিকে আপাতত কভার ড্রাইভ এড়িয়ে যেতে হবে। তিনি ব্যাখ্যা করেছেন, “এর প্রতিকার কী? সে এটা আগেও করেছে এবং আবারও করতে হবে। তাকে সচিন তেন্ডুলকারের বই থেকে একটা পাতা বের করতে হবে যেখানে বলা থাকবে – ড্রাইভ খেলো না। দ্বিতীয়বার যখন তিনি ইংল্যান্ডে গিয়েছিল, সে বলেছিল যে সে বল ছাড়তে থাকবে এবং বোলারদের তার কাছে বল করতে বাধ্য করবে।”
জনপ্রিয় ধারাভাষ্যকার এই বলে শেষ করেছেন যে বিরাট কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরির জন্য দীর্ঘ অপেক্ষার চেয়ে আউট হওয়ার ধরণ প্রধান উদ্বেগের বিষয়। চোপড়া উপসংহারে বলেছেন, “একটি সমস্যা আছে যা সমাধান করা দরকার। এটি সেঞ্চুরি করার বিষয়ে নয়, ৭১তম আসবেই, আমি সে সম্পর্কে মোটেও কথা বলছি না। আমি এমন একটি ধরণের কথা বলছি যেখানে কোহলি ড্রাইভ খেলে আউট হচ্ছে। এটা আগে ছিল না, অথবা আপনি বলতে পারেন ২০১৫ থেকে ২০১৯-এর মধ্যে ছিল না, তবে ২০১৯-এর পরে এটি অনেকবার হয়েছে।”