“সে দেশের হয়ে অভাবনীয় কিছু করে দেখাবে” – রুতুরাজের উপর আস্থা রাখছেন নির্বাচক প্রধান
দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পেয়ে ঘরোয়া ক্রিকেটে অনবদ্য পারফর্ম্যান্সের পুরস্কার পেলেন তিনি
আপডেট করা - Jan 1, 2022 3:50 pm

শুক্রবার (৩১শে ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের জন্য ভারতের ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সদ্যনিযুক্ত অধিনায়ক রোহিত শর্মা ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছে। ওপেনার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নির্বাচকরা রুতুরাজ গায়কওয়াড়কে পুরস্কৃত করেছেন। প্রধান নির্বাচক চেতন শর্মাও এই তরুণের প্রশংসা করে বলেছেন ভবিষ্যতে ভারতের হয়ে অভাবনীয় কিছু করে দেখানোর ক্ষমতা রুতুরাজের মধ্যে আছে।
রুতুরাজের একটি দুর্দান্ত আইপিএল মরসুম কেটেছিল ২০২১-এ। তিনি ১৬ ইনিংসে ৪৫.৩৫ গড়ে এবং ১৩৬.২৬ স্ট্রাইক রেটে ৬৩৫ রান করেছিলেন। তিনি এই মরসুমে চারটি অর্ধশতক এবং একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এবং আইপিএল ২০২১-এর সর্বোচ্চ রান অর্জনকারী হওয়ার জন্য অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন৷ তারপর আইপিএলের ফর্ম তিনি বিজয় হাজারে ট্রফিতেও জারী রাখেন। পুরো মরসুমে ৫ ম্যাচে ৬০৩ রানসহ চারটি সেঞ্চুরি মারেন, সর্বোচ্চ স্কোর ছিল ১৬৮।
তাঁর নির্বাচন সম্পর্কে কথা বলতে গিয়ে, চেতন শর্মা জানিয়েছেন যে রুতুরাজ গায়কওয়াড় সঠিক সময়ে তাঁর সুযোগ পেয়েছেন এবং প্যানেল মনে করে যে তিনি অদূর ভবিষ্যতে ভারতের হয়ে উজ্জ্বল পারফর্ম্যান্স দেখাবেন। “দেখুন সে একেবারে সঠিক সময়ে সুযোগ পেয়েছে। সে টি-টোয়েন্টি দলে ছিল এবং এখন সে ওডিআই দলে আছে। যেখানেই তার জায়গা তৈরি করা যেতে পারে, নির্বাচকরা তাকে সেখানে রাখার কথা ভাববেন। সে দেশের হয়ে অভাবনীয় কিছু করে দেখাবে,” প্রধান নির্বাচক সংবাদ সম্মেলনের সময় বলেছিলেন।
শর্মা বলেছেন একাদশে রুতুরাজের জায়গা পাওয়া ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে
চেতন শর্মা আলাদা করে উল্লেখ করেছেন যে তাঁরা রুতুরাজকে তাঁর দুর্দান্ত ফর্মের জন্য পুরস্কৃত করেছেন। তবে তিনি এও জানাতে ভোলেননি প্রথম একাদশে রুতুরাজের জায়গা পাওয়া বা না পাওয়া নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর। “আমরা তাকে (রুতুরাজ) নির্বাচন করেছি। এখন এটা (টিম) ম্যানেজমেন্টের দেখার বিষয় যে সে কখন একাদশে খেলতে পারবে, কখন তাকে প্রয়োজন হবে এবং দলের কম্বিনেশন কী হবে সেটাও মাথায় রাখতে হবে,” জানিয়েছেন চেতন।
“কিন্তু, বর্তমানে, সে (রুতুরাজ) নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-টোয়েন্টি দলে ছিল এবং সে এখন ওয়ানডেতে রয়েছে। সে ভাল করছে এবং এর জন্য সে পুরস্কৃত হয়েছে,” চেতন শর্মা যোগ করেছেন।