প্রথম টেস্টে ভারতকে জেতার উপায় বাতলে দিলেন সাবা করিম

তাঁর মতে ডিন এলগারের উইকেট গুরুত্বপূর্ণ হবে

Saba Karim. (Photo credit should read MANJUNATH KIRAN/AFP via Getty Images)

ভারতের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার সাবা করিম বিশ্বাস করেন যে সেঞ্চুরিয়নে চলমান প্রথম টেস্টে ভারতীয় দল চায়বে শুধুমাত্র একবার ব্যাট করতে। বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় দিন পুরোপুরি বাতিল হয়ে গেছে। যেহেতু ভারত দুই দিনের খেলার শেষে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে আছে তাই সেই অবস্থানকে কাজে লাগিয়ে ভারতের উচিত প্রথম ইনিংসে বিশাল স্কোর খাড়া করা, এমনটাই মত সাবার। 

ভারতের ইনিংসে জেতার কথা ভাবা উচিত, মনে করেন সাবা করিম

দ্বিতীয় দিনের মতো টেস্টের পঞ্চম দিনেও আবহাওয়ার পূর্বাভাস আশাব্যঞ্জক নয়। ওই দিনেও বৃষ্টির কারণে ম্যাচ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে, সাবা বলেছেন যে ভারতকে তাদের শক্তিশালী অবস্থানের সদ্ব্যবহার করা উচিত। তিনি মনে করেন যে ভারতের বোলিং আক্রমণের যা শক্তি তাতে ব্যাটাররা বোর্ডে বড় রান খাড়া করলে পরপর দুবার ২০ উইকেট নেওয়ার ক্ষমতা বোলারদের আছে। 

ইউটিউবে খেলানীতি পডকাস্টে কথা বলার সময় সাবা বলেছেন, “ভারত কীভাবে মাঠে নেমে প্রথম ইনিংসে বোলিং করে তার উপর অনেক কিছু নির্ভর করে। প্রথম জিনিসটি হবে দক্ষিণ আফ্রিকাকে দুবার আউট করার সুযোগ পেতে ৪৫০-র মতো বিশাল স্কোর তুলতে হবে। পঞ্চম দিন সম্ভবত বৃষ্টিতে ধুয়ে যাবে, তাই ভারতকে সেই অনুযায়ী বল করতে হবে। ফলোঅন কার্যকর করার জন্য তাদের ভালো বোলিং করা উচিত। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তেমন অভিজ্ঞ নয়, কিন্তু তারা তাদের ঘরের কন্ডিশনে খেলছে।”

ভারত দুই দিনের শেষে ২৭২/৩ সংগ্রহ করেছিল। যদিও তৃতীয় দিনের শুরুতেই দুই সেট ব্যাটারকে হারিয়ে ভারত এই প্রতিবেদন লেখার সময় ২৯১/৫। ফলো-অন প্রয়োগ করতে হলে ভারতকে প্রথম ইনিংসে অন্তত ২০০ রানের লিড হাতে রাখতেই হবে।

ভারতের জন্য প্রথম ইনিংসের আদর্শ স্কোর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, করিম দাবি করেছিলেন যে দলের লক্ষ্য থাকবে ৪০০-র উপরে রান তোলা। প্রাক্তন নির্বাচক আরও উল্লেখ করেছেন যে দক্ষিণ আফ্রিকার অনভিজ্ঞ ব্যাটিং ইউনিট থাকলেও ডিন এলগারের উইকেট গুরুত্বপূর্ণ হবে।

তিনি শেষে বলেছেন, “ভারত এই ম্যাচে আর ব্যাট করতে রাজি হবে না। তাই, আমি মনে করি না ৩৫০-৩৭৫ খুব একটা চাপের স্কোর হবে। ৪০০-র নীচে রান করলে দক্ষিণ আফ্রিকাকে দুবার অল আউট করা কঠিন। ডিন এলগার একটি বড় উইকেট হবে, যদি তিনি তাড়াতাড়ি আউট হয়ে যান, তবে ভারত বাকি ব্যাটিং ইউনিটের অনভিজ্ঞতা কাজে লাগাতে পারবে।” 

close whatsapp