“মূর্খতার সাথে বিনোদনকে এক করা যায় না” – ইংল্যান্ডের ব্যাজবল শৈলীর সমালোচনায় সরব মাইকেল ভন
আপডেট করা - Jun 30, 2023 7:19 pm

দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড বেশ ভালো পরিস্থিতিতেই ছিল। তারা এইদিন ৪ উইকেটে ২৭৮ রান করতে সক্ষম হয়েছিল। কিন্তু তৃতীয় দিন ব্যাট করতে নেমে তারা ধারাবাহিকতা দেখাতে পারলেন না। তাদের প্ৰথম ইনিংস ৭৬.২ ওভারে ৩২৫ রানে শেষ হয়ে গেল। অর্থাৎ, তৃতীয় দিন তারা মাত্র ৪৭ রানের মধ্যেই শেষ পাঁচটি উইকেট হারিয়ে ফেলে। এই ইনিংসে তাদের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার বেন ডাকেট। তিনি ৯টি চার সহ ১৩৪ বলে ৯৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার জ্যাক ক্রলিও বেশ ভালো রান পেয়েছেন। তিনি আক্রমনাত্মক শৈলীতে ৫টি চার সহ ৪৮ বলে ৪৮ রান করে আউট হয়ে যান। অলি পোপ ৬৩ বলে ৪২ রান করতে সক্ষম হন।
আগের ম্যাচে একটি দুরন্ত শতরান করার পর এই ম্যাচের প্ৰথম ইনিংসে ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন জো রুট। তিনি ১৯ বলে মাত্র ১০ রান করেন। হ্যারি ব্রুক ৬৮ বলে ৫০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তার পরবর্তী ব্যাটারদের মধ্যে কেউই খুব বেশি রান করতে পারেননি।
মাইকেল ভন ইংল্যান্ডের ব্যাজবল শৈলীর সমালোচনায় সরব হয়েছেন। জ্যাক ক্রলি নাথান লিয়নের বলে স্টেপ আউট করতে গিয়ে স্টাম্প আউট হয়েছিলেন। ভন তার এইভাবে আউট হওয়াকে একদমই ভালো চোখে দেখেননি।
বিবিসির হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় মাইকেল ভন বলেন, “জ্যাক ক্রলি ঠিক তাই করেছেন যা তিনি করেন। তিনি সুন্দরভাবে খেলেন, আপনি অনেকসময় মনে করেন ‘চলো, এটা তোমার দিন’, তিনি ৪৮ রানে পৌঁছান এবং তারপর তিনি অস্ট্রেলিয়াকে একটি সহজ উইকেট উপহার দেন।”
তিনি আরও বলেন, “এটাই ইংল্যান্ড দলের সমস্যা – তারা কখন শীর্ষে থাকবে তা তারা বুঝতে পারে না। তারা শুধু এই পদ্ধতির সাথে খেলা চালিয়ে যায়। সেই আউটের কোনো প্রয়োজন ছিল না। আপনি যদি এমন একটি পিচে একটি ভালো বল পান … তাহলে আপনি বলবেন ‘এটা ভালো বল ছিল’। কিন্তু এই মুহূর্তে এই পিচে কোনও সুন্দর বল আসবে না। এখানে শুধু ভেবেচিন্তে খেলে যান! আমরা মূর্খতার সাথে বিনোদনকে এক করতে পারি না।”
“সেইসময় আপনার ঝুঁকি নিয়ে এইসব শট খেলা উচিত নয়” – নাসের হুসেন
নাসের হুসেন আগে ব্যাজবল শৈলীর প্রশংসা করেছিলেন। তবে এই ইনিংসে বেশ কয়েকটি উইকেট হারানোর পরেও ইংল্যান্ডের ব্যাটারদের একই পদ্ধতিতে ব্যাটিং করতে দেখে তিনি খুশি হননি।
নাসের হুসেন বলেন, “অনেক সময় বেশ কিছু জিনিস তাদের পক্ষে ছিল না। পুল এবং হুক শট খেলতে গিয়ে যখন দুইজন লোক আউট হয়ে যান তখন কোনও অসুবিধা নেই – ঠিক আছে। কিন্তু যখন তিনজন লোক আউট হয়ে যান তখন ম্যাচের নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে না এবং সেইসময় আপনার ঝুঁকি নিয়ে এইসব শট খেলা উচিত নয়।”