অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের প্ৰথম একাদশ নিয়ে মুখ খুললেন নাসের হুসেন

Nasser Hussain
Nasser Hussain. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ২৮শে জুন, বুধবার থেকে এই টেস্ট ম্যাচটি শুরু হবে। লর্ডসে এই ম্যাচের জন্য বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড এবং প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। অ্যাশেজ সিরিজে এই মুহূর্তে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। এজবাস্টনে প্ৰথম টেস্ট ম্যাচটিতে একটি রুদ্ধশ্বাস জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। শেষ দিনে গিয়ে জয়ের মুখ দেখেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। তবে এখনও চারটি টেস্ট ম্যাচ বাকি রয়েছে। সুতরাং, ইংল্যান্ডের কাছে কামব্যাক করার সুযোগ রয়েছে।

অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ড দলে যোগ দিয়েছেন রেহান আহমেদ। ওয়েস্ট ইন্ডিজে ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন রেহান। এরপর কাউন্টি ক্রিকেটেও তিনি সেই ফর্ম বজায় রেখেছেন। লর্ডস টেস্টে মঈন আলির জায়গায় প্ৰথম একাদশে তিনি সুযোগ পেতে পারেন।

সম্প্রতি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসের হুসেন অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টটির জন্য বেন স্টোকসের নেতৃত্বাধীন দলের প্রথম একাদশ নিয়ে মুখ খুলেছেন। তিনি লর্ডস টেস্টের জন্য মঈন আলির দলে থাকার ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন।

দ্য আইসিসি রিভিউ পডকাস্টে নাসের হুসেন বলেন, “আমার মনে হয় ইংল্যান্ডের তাদের দলের দিকে একটু নজর দেওয়া দরকার। মঈন আলী তার আঙুলের এমন অবস্থা নিয়ে খেললে সেটি একটি জুয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি জানি তিনি এক সপ্তাহ ছুটি পেয়েছেন এবং ২০১৭ সালের আগেও তিনি এই চোট পেয়েছিলেন। শুধুমাত্র মঈনই জানেন যে এক সপ্তাহ তার ত্বক নিরাময়ের জন্য যথেষ্ট, নাকি এটি আবার তাকে সমস্যার মধ্যে ফেলতে পারে।”

“আমি হলে চারজন সিমার এবং জো রুটকে স্পিনার হিসাবে খেলাতাম” – নাসের হুসেন

নাসের হুসেন লর্ডসের পিচের ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি মঈন আলির পরিবর্তে মার্ক উড অথবা ক্রিস ওকসকে খেলানোর পরামর্শ দিয়েছেন। শেষমেশ দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের প্ৰথম একাদশ কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।

নাসের হুসেন বলেন, “সে লর্ডসে হয়তো এত ওভার বল করবে না। লর্ডস একটি অসাধারণ স্পিন উইকেট নয়। সেখানে শেন ওয়ার্ন কখনও ফাইফার পাননি। আমি হলে চারজন সিমার এবং জো রুটকে স্পিনার হিসাবে খেলাতাম, কিন্তু আমি পিচ দেখিনি।”

close whatsapp