হিসাবের ভুলেই কি হার! বিজয় শঙ্করের বিশ্লেষণে উঠে আসছে এই কারণটিই
শেষ ওভারে বাউন্ডারতে একজন ফিল্ডার কম রাখার শাস্তি পেলেও, সিএসকের বিশেষ ক্ষতি হয়নি
আপডেট করা - May 24, 2023 2:59 pm

গুজরাত টাইটান্স (জিটি) ব্যাটার বিজয় শঙ্কর স্বীকার করেছেন যে ২৩শে মে, মঙ্গলবার, আইপিএল ২০২৩-এর কোয়ালিফায়ার ১-এ চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর বিরুদ্ধে রান তাড়া করার সময়ে তিনি আরও বিচক্ষণ হতে পারতেন। তিনি এটিও স্বীকার করেছেন যে দলগতভাবে জিটির পক্ষে আরও ভালো পারফর্ম করা উচিৎ ছিল।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫ রানে হেরেছে গুজরাত। ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গতবারের চ্যাম্পিয়নরা ২০ ওভারে ১৫৭ রানে অল আউট হয়ে গিয়েছিল। জিটি রান তাড়া করতে নেমে খারাপভাবে শুরু করেছিল এবং ১৪তম ওভারে ৮৮ রানে তাদের অর্ধেক দল হারিয়েছিল। শঙ্কর ও রাশিদ খান (১৬ বলে ৩০) এরপর সপ্তম উইকেটে ৩৮ রান যোগ করে ইনিংসকে পুনরুজ্জীবিত করেছিলেন। মাথিশা পাথিরানার বলে শঙ্কর বড় শট খেলতে গিয়ে ১৪ রানে আউট হয়েছিলেন।
দলের হার এবং তাঁর আউটের বিষয়ে ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় শঙ্কর বলেছেন, “আমি মনে করি আমরা আরও ভালো তাড়া করতে পারতাম। আমরা খেলাটা আরও কাছাকাছি নিয়ে পেতে পারতাম। এমনকি আমি যে ওভারে আউট হয়েছিলাম, আমার মনে হয়েছিল আমি একটু ভালো হিসাব করতে পারতাম। আমি আরো ভালোভাবে টার্গেট করতে পারতাম। আমি মনে করি আমরা তাড়া করে অনেক ম্যাচ জিতেছি এবং এটি আমাদের দিন ছিল না।”
দুই ব্যাটার ব্যাটিং করলে ব্যাপারটা অন্যরকম হত: বিজয় শঙ্কর
সিএসকের বোলারদের পারফর্ম্যান্সের প্রশংসা করেছেন ৩২ বছর বয়সী। রান তাড়া করতে নেমে ক্রমাগত উইকেট হারানোর জন্য হতাশ হয়েছিলেন তিনি। শঙ্কর মনে করেন যে ২০-৩০ রানের জুটিও পার্থক্য তৈরি করে দিতে পারত।
শঙ্কর বলেছেন, “আমি মনে করি তারা (সিএসকে) মাঝের ওভারে বেশ ভালো বোলিং করেছে। তাড়া করতে থাকা যেকোনো দলের জন্য মধ্য ওভারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা উইকেট হারিয়েছি। দুই ব্যাটার ব্যাটিং করলে ব্যাপারটা অন্যরকম হত। ভুল সময়ে উইকেট হারিয়েছি। হয়তো মাঝখানে ২০, ৩০ রানের পার্টনারশিপ আমাদের খেলার কাছাকাছি নিয়ে যেতে পারত।”
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর বিপক্ষে গুজরাতের জয়ে ৩৫ বলে ৫৩ রান করা সত্ত্বেও, মঙ্গলবারের ম্যাচে শঙ্করকে ৬ নম্বরে পাঠানো হয়েছিল। তিনি অবশ্য দলের স্ট্র্যাটেজির পক্ষে দাঁড়িয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে তারা পরিস্থিতির উপর নির্ভর করে ব্যাটিং ক্রম পরিবর্তন করা হয়।
শঙ্কর এই প্রসঙ্গে বলেছেন, “আসলে, আপনি যদি এই মরসুমে সামগ্রিকভাবে দেখেন, সব ব্যাটারই বিভিন্ন পজিশনে খেলেছে। তাই শুধু এই ম্যাচেই নয়। আমি মনে করি এটা আমাদের ব্যাটিং ইউনিটেরও শক্তি ছিল। যেই বিভিন্ন পরিস্থিতিতে গেছে, আমরা সেটা মানিয়ে নিতে পেরেছি এবং দলের জন্য রান তুলতে পেরেছি।”