রামধনু ডিজাইনের বিশেষ জার্সি পরে অভিযান শেষ করবে দিল্লি ক্যাপিটালস

২০শে মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে দিল্লি ক্যাপিটালস

Delhi Capitals Jersey
Delhi Capitals Jersey. (Image Source: Twitter/DC)

দিল্লি ক্যাপিটালস (ডিসি) তাদের আইপিএল ২০২৩ অভিযান শেষ করবে শনিবার, ২০শে মে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল চলমান মরসুমে প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাওয়া প্রথম দল হয়েছিল। ব্যর্থ অভিযানে এখনও অবধি ১৩ ম্যাচে খেলে পাঁচটি জিতে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে ডিসি।

লিগ পর্বে তাদের শেষ ম্যাচটি ডিসি রঙিন ছন্দে শেষ করার দিকে তাকিয়ে রয়েছে কারণ এই মরসুমে ঘরের মাঠে তাদের শেষ ম্যাচে খেলোয়াড়রা একটি বিশেষ জার্সি পরে খেলতে নামবে। রামধনুর রঙের সঙ্গে সাযুজ্য রেখে জার্সিটি ডিজাইন করা হয়েছে। উল্লেখ্য, দিল্লি-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি আইপিএলের আগের দুটি সংস্করণেও বিশেষ জার্সি পরে খেলেছিল।

ডিসির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রামধনু রঙের জার্সি প্রকাশ করা হয়েছে এবং লেখা হয়েছে, “আমাদের #IPL2023 অভিযান একটি 🌈 ছন্দে শেষ করছি! আমাদের ছেলেরা #কিলাকোটলায় মরসুমের শেষ হোম ম্যাচে এই বিশেষ পোশাক পরবে! #YehHaiNayiDilli #DCvCSK।”

ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দিল্লি তাদের আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৫ রানে জিতেছে। সিএসকের বিরুদ্ধে জয়ের গতি অব্যাহত রেখে আত্মবিশ্বাসের সঙ্গে অভিযান শেষ করতে আগ্রহী হবে ডিসি।

ডিসির বিরুদ্ধে জিতলে প্রথম দুই স্থানে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাড়বে সিএসকের

ডিসি তাদের অভিযান শুরু করেছিল দুর্বিষহ পারফর্ম্যান্স দিয়ে। মরসুমের প্রথম পাঁচটি ম্যাচেই হেরে গিয়েছিল তারা। তবে তাদের পরের পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতে অসাধারণ প্রত্যাবর্তন করেছিল। যদিও সেই জয়ে বিশেষ কাজে আসেনি এবং অচিরেই প্লে-অফে পৌঁছনোর আশা শেষ হয়ে গিয়েছিল। নিয়মিত অধিনায়ক ঋষভ পান্তের অভাব প্রবলভাবে অনুভূত হয়েছিল পুরো মরসুম জুড়েই।

আসন্ন ম্যাচটি সিএসকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ এই ম্যাচে দুই পয়েন্ট পেলে প্লে-অফে যাওয়া নিশ্চিত করে ফেলার পাশাপাশি প্রথম দুইয়ে উঠে আসার সুযোগও থাকবে তাদের। লখনউ সুপার জায়ান্টস ও সিএসকের মধ্যে লড়াই চলছে দ্বিতীয় স্থানটি দখল করার। প্রথম দুইয়ে থাকতে পারলে, ফাইনালে যাওয়ার জন্য অতিরিক্ত একটি সুযোগ পাওয়া যাবে। এখন দেখার নতুন জার্সি পরিহিত দিল্লি ক্যাপিটালস চেন্নাইকে কাঙ্ক্ষিত ফল পাওয়া থেকে আটকাতে পারে কিনা।

close whatsapp