লখনউ সুপার জায়ান্টাসের বিরুদ্ধে পরাজয়ের পর ক্যামেরন গ্রিনের পাশে দাঁড়ালেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ড
আপডেট করা - May 17, 2023 12:14 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ৬৩ তম ম্যাচে ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে ৫ রানে পরাজিত হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। শেষ ওভারে এমআইয়ের প্রয়োজন ছিল ১১ রান। সেই ওভারে লএসজির প্রতিভাবান পেসার মহসিন খানের দুর্দান্ত বোলিংয়ের সামনে হার মানতে হয় মুম্বাই ইন্ডিয়ান্সকে।
এই ম্যাচে শেষের দিকে ব্যাট করতে নেমেছিলেন ক্যামেরন গ্রিন। কিন্তু তিনি এই ম্যাচে একটিও বড় শট খেলতে পারেননি। এছাড়াও তিনি শেষ ওভারের দুটি বলে কোনো রান করতে পারেননি। গ্রিন ৬ বলে মাত্র ৪ রান করে অপরাজিত ছিলেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ড এই প্রসঙ্গে বলেছেন যে গ্রিন বেশি বল খেলার সুযোগ পাননি। এছাড়াও তিনি বলেছেন যে গ্রিন এখনও তাদের দলের গুরুত্বপূর্ণ অংশ।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে শেন বন্ড বলেন, “আমি মনে করি না এটা চিহ্নিত করার মতো একটা ঘটনা। আপনি যদি গত কয়েকটা ম্যাচ দেখেন, আমরা সেগুলি জিতেছি, সে সাত নম্বরে ব্যাট করতে নেমেছিল। সে বেশি বল খেলার সুযোগ পায়নি। সে রান করতে পারেনি, কিন্তু সে এখনও আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ।”
তিনি আরও বলেন, “তিনি টুর্নামেন্টের শুরুর দিকে তিন নম্বরে ছিলেন এবং আমাদের জন্য দুর্দান্ত কাজ করেছিলেন। যেমনটি দেখা গেছে, আমরা অন্য খেলোয়াড়দের এবং বিশেষ করে সূর্যকে (সূর্যকুমার যাদব) ব্যবহার করেছি, যিনি তিন নম্বরে উঠে এসেছেন, যার ফলে গ্রিনি (ক্যামেরন গ্রিন) শেষের দিকে ব্যাট করতে আসছেন।”
নিজেদের পরবর্তী ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স
২১শে মে, রবিবার, এডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচের) বিরুদ্ধে খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। এসআরএইচের প্লেঅফসে যাওয়ার আশা শেষ হয়ে গেছে। তবে এই ম্যাচটি এমআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মুম্বাই ইন্ডিয়ান্স এই মরসুমে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৭টি ম্যাচে জয় পেয়েছে। তাদের নেট রান রেট হল -০.১২৮। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদ চলতি মরসুমে এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছে। তাদের নেট রান রেট হল -০.৫৭৫। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা নবম স্থানে রয়েছে।