এলএসজির বিরুদ্ধে মাঠে নামার আগে এমআইয়ের পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত জানালেন পীযুষ চাওলা
আপডেট করা - May 15, 2023 8:53 pm

১৬ই মে, মঙ্গলবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬৩ তম ম্যাচে একানা ক্রিকেট স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। এই ম্যাচের আগে এমআইয়ের অভিজ্ঞ স্পিনার পীযুষ চাওলা তাদের পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন।
তিনি বলেছেন যে তারা নিজেদের আগের কয়েকটি ম্যাচে যেরকম ক্রিকেট খেলেছেন সেটাই তারা চালিয়ে যেতে চাইবেন। শেষ কয়েকটি ম্যাচে পারফরম্যান্স ভালো হওয়ায় তাদের আত্মবিশ্বাস অনেক বেশি বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি বলেছেন যে আত্মবিশ্বাস এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের মাঝে যে পাতলা রেখাটি রয়েছে সেটি তারা অতিক্রম করতে চান না।
একটি প্রেস ইন্টারঅ্যাকশনে পীযুষ চাওলা বলেন, “পরিস্থিতি এখন হাতের বাইরে আছে। এখান থেকে দুটি ম্যাচ জিতলে আমরা টপ-টু-এ উঠতে পারব। আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে এবং সাম্প্রতিক সময়ে আমরা যেমন খেলেছি সেই খেলা চালিয়ে যেতে হবে। আমাদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আত্মবিশ্বাস অনেক বেশি। আত্মবিশ্বাস এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের মাঝে একটি পাতলা রেখা রয়েছে এবং আমরা সেই রেখাটি অতিক্রম করতে চাই না।”
তিনি আরও বলেন, “আমরা নিজেদের সেরাটা দেওয়ার এবং ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আমাদের কাছে অনেক স্পিন বোলিংয়ের বিকল্প আছে। আমি এখনও পিচ দেখিনি কিন্তু অন্যান্য ম্যাচে যা দেখেছি, পিচগুলি স্পিনারদের সাহায্য করেছে। আমরা ম্যাচে আমাদের সেরা স্পিন কম্বিনেশন রাখব।”
প্লেঅফসের অনেকটাই কাছে পৌঁছে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স
মুম্বাই ইন্ডিয়ান্স এখনও অবধি ১২টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৭টি ম্যাচে জয় পেয়েছে। তবে তাদের নেট রান রেট একদমই ভালো নয়। বর্তমানে তাদের নেট রান রেট হল -০.১১৭। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা তৃতীয় স্থানে রয়েছে। এমআই প্লেঅফসের অনেক কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু প্লেঅফসে যাওয়া নিশ্চিত করার ক্ষেত্রে পরের ম্যাচগুলিতে জয় পাওয়াটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২১শে মে, রবিবার, এডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে এমআই এই মরসুমে গ্রুপ পর্যায়ে তাদের শেষ ম্যাচটি খেলবে।
আইপিএল ২০২৩-এ এমআইয়ের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন পীযুষ চাওলা। তিনি এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছেন এবং তার সেরা বোলিং পরিসংখ্যান হল ৩/২২। পার্পেল ক্যাপের তালিকায় এই মুহূর্তে তিনি তৃতীয় স্থানে রয়েছেন।