পরের আইপিএল মরসুমে ধোনি খেলবেন কি? উত্তর জানালেন সিএসকে সিইও

ধোনির খেলা চালিয়ে যাওয়া নিয়ে সমর্থকদের মনে অনিশ্চয়তা রয়েছে

MS Dhoni
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

চেন্নাই সুপার কিংস (সিএসকে) চেপকে আইপিএল ২০২৩-এর লিগ পর্বে তাদের শেষ হোম ম্যাচ খেলেছিল ১৪ই মে, রবিবার, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর বিরুদ্ধে। ম্যাচের পরে এমএস ধোনিকে দলের বাকী সদস্যদের সঙ্গে মাঠ প্রদক্ষিণ করে সমর্থকদের থেকে অভিবাদন নিতে দেখা গিয়েছিল।

সিএসকে অধিনায়কের এই কাজটি অনেককেই অবাক করেছিল, কারণ সমর্থকরা মনে করেছিলেন চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের ঘরের মাঠের দর্শকদের ধোনি বিদায়ের ইঙ্গিত দিয়ে রাখলেন। তবে ফ্র্যাঞ্চাইজির সিইও কাসি বিশ্বনাথন অনুমান করেছেন যে প্রাক্তন ভারতীয় অধিনায়ক পরের মরসুমেও খেলতে পারেন এবং ভক্তদেরকে আহ্বান জানিয়েছেন তাঁরা যেন সমর্থন অব্যাহত রাখেন।

“আমরা বিশ্বাস করি এমএস ধোনি পরের মরসুমেও খেলতে চলেছে, তাই আমি আশা করি ভক্তরা প্রতিবারের মতো আমাদের সমর্থন করতে থাকবে (তামিল থেকে অনূদিত),” সিএসকে সিইও কাসি বিশ্বনাথন টুইটারে ফ্র্যাঞ্চাইজির পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন।

দলটি তাদের শেষ হোম ম্যাচ প্রত্যাশিত ফল পেয়ে শেষ না করলেও, চলমান সংস্করণে শিরোপা জয়ের অন্যতম দাবীদার। ক্যাপ্টেন কুল একজন নেতা হিসাবে এবং স্টাম্পের পিছনে গ্লাভস হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, ব্যাটার হিসাবে তাঁর ভূমিকা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। এই মরসুমে ৪১ বছর বয়সী মূলত ব্যাটিং ক্রমের আট নম্বরে ব্যাট করছেন।

এদিকে, উইকেটকিপার-ব্যাটার কয়েকটি ছোটখাটো চোট নিয়েও সমস্যায় পড়ছেন। পরের বছর তিনি আবার খেলতে প্রস্তুত হবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বনাথনের কথাগুলি সত্য হলে সিএসকের ভক্তদের জন্য উৎসাহজনক হবে।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে যাওয়ায় এখনও প্লে-অফে জায়গা নিশ্চিত করতে পারেনি সিএসকে। লিগ পর্যায়ে তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতলে নিশ্চিতভাবে শেষ চারে জায়গা করে নেবে ধোনির নেতৃত্বাধীন দল। তবে প্রথম দুইয়ে শেষ করতে পারবে কিনা তা অনেকটাই নির্ভর করবে বাকী দলগুলির ফলাফলের উপর।

close whatsapp