“কম্পিউটারে ব্যাট করছে” – সূর্যকুমারের ইনিংসকে সত্যি বলে মেনে নিতে পারছেন না সৌরভ

৩৫ বলে ৮৩ রান করায় সূর্যকুমার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Image Source: IPL/BCCI)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বিসিসিআইয়ের পূর্বতন সভাপতি সৌরভ গাঙ্গুলী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর বিরুদ্ধে তাঁর শ্বাসরুদ্ধকর ইনিংসের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)-এর ব্যাটার সূর্যকুমার যাদবের ব্যাপক প্রশংসা করেছেন। ৯ই মে, মঙ্গলবার, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার নেতৃত্বাধীন এমআই কর্তৃত্ব রেখে আরসিবিকে ছয় উইকেটে হারিয়েছে।

মুম্বাইয়ের সামনে ২০০ রানের প্রতিযোগিতামূলক লক্ষ্য রেখেছিল আরসিবি। মুম্বাইয়ের উদ্বোধনী জুটি ঈশান কিষান (২১ বলে ৪২) এবং রোহিত শর্মা (৮ বলে ৭) ৫১ রানের পার্টনারশিপ গড়েছিল, যেখানে রোহিতের অবদান ছিল সামান্যই। একই ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গা দুজনকে আউট করার পরে সূর্যকুমার যাদব দাপট দেখিয়ে মুম্বাইকে লক্ষ্য অবধি এগিয়ে নিয়ে যান।

২০০-র বেশী স্ট্রাইক রেট বজায় রেখে, সূর্যকুমার প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি মারছিলেন। তাঁর ইনিংসে ছয়টি ছক্কা ও সাতটি চার ছিল। তাঁর ইনিংসে মুগ্ধ হয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ তাঁর টুইটার হ্যান্ডেলে ‘বিশ্বের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়’ হিসেবে ‘স্কাই’-কে অভিহিত করেছিলেন।

“সূর্য কুমার যাদব বিশ্বের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় .. মনে হচ্ছে সে একটি কম্পিউটারে ব্যাট করছে @surya_14kumar @mipaltan,” সৌরভ টুইট করেছেন।

২৩৭.১৪-এর আক্রমণাত্মক স্ট্রাইক রেটে মাত্র ৩৫ বলে ৮৩ রান করে ফাইন লেগে কেদার যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ডান-হাতি ব্যাটার। সূর্যকুমারের পাশাপাশি তরুণ নেহাল ওয়াধেরা সাথে ৩৪ বলে ৫২ রান করে মুম্বাইয়ের জয়ে অবদান রেখেছিলেন।

প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য সুবিধাজনক জায়গায় রয়েছে এমআই

বিজয়কুমার ভাইশাক সূর্যকুমারকে আউট করতে সক্ষম হলেও, ততক্ষণে তাঁর ও ওয়াধেরার মধ্যে ১০.২ ওভারে ১৪০ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল এবং সেখান থেকে দুই পয়েন্ট অর্জন করা ছিল সময়ের অপেক্ষা। মুম্বাইয়ের দুর্দান্ত জয়ে তাৎপর্যপূর্ণ অবদান রাখার কারণে সূর্যকুমার প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। পয়েন্ট তালিকায় ১২ পয়েন্ট নিয়ে এমআই তৃতীয় স্থানে উঠে এসেছে।

লিগ পর্ব এখন প্রায় শেষের দিকে এবং ইভেন্টের প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য এমআই বেশ ভালো জায়গায় রয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ১২ই মে, শুক্রবার, ঘরের মাঠে গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে।

close whatsapp